১ মার্চ থেকে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
সারা দেশে আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তৃতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ২০১৩ সালে প্রথমবার এই প্রতিযোগিতা শুরু হয়।
শিক্ষামন্ত্রী জানান, ১-৩ মার্চ পর্যন্ত উপজেলা পর্যায়ে, ৭-৯ মার্চ পর্যন্ত জেলা পর্যায়ে, ১২-১৫ মার্চ পর্যন্ত বিভাগীয় পর্যায়ে এবং ১৬-১৯ মার্চ ঢাকা মহানগর পর্যায়ে এই প্রতিযোগিতা হবে। সর্বশেষ ২২ মার্চ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ১২ জন সেরা মেধাবীকে বাছাই করা হবে। সেরা মেধাবীর প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের তিনটি ভাগে ভাগ করে এই প্রতিযোগিতা হবে। এগুলো হলো—ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শহর ও গ্রামের মধ্যকার শিক্ষার বৈষম্য নিরসন এবং অবহেলা-অনাদরে বেড়ে ওঠা প্রতিভা খুঁজে বের করে বিকশিত করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতা উপলক্ষে ১ মার্চ সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তা শেষ হবে। এর মধ্য দিয়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হবে।