১ মার্চের মধ্যে আগামী বছরের বইয়ের চাহিদা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক পেতে আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১ মার্চের মধ্যে নিজ নিজ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে শ্রেণীভিত্তিক চাহিদা দিতে হবে। এ ছাড়া ৭ মার্চের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ১৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বইয়ের চাহিদা পাঠাতে হবে।গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের অভিজ্ঞতা মূল্যায়ন ও ২০১১ সালের পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রমের প্রস্তুতিবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় শিক্ষামন্ত্রী ২০১০ সালে সফলভাবে পাঠ্যপুস্তক মুদ্রণ-বিতরণ কার্যক্রমের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা ইচ্ছাকৃতভাবে এসব কাজে অসহযোগিতা, বাধা সৃষ্টি বা গাফিলতি করেছে, শিগগির তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এ ছাড়া সময়মতো বই প্রকাশ না করতে পারা ব্যর্থ প্রেসগুলো চিহ্নিত করা হবে। এবারের ভুল-ত্রুটি থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ২০১১ সালের কার্যক্রমকে সুষ্ঠু ও সুচারুভাবে বই বিতরণ সম্পন্ন করতে সহায়তা করবে বলে মন্ত্রী জানান। মন্ত্রী ইতিমধ্যে প্রাথমিক স্তরের আগামী বছরের বইয়ের কার্যক্রম শুরু করায় সন্তোষ প্রকাশ করেন।গতকালের সভায় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু আলম মো. শহিদ খান, অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।