*সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়ার শেষ দিন কাল
* ৬৫ হাজার ৭৮৪ জন সৌদি আরবে পৌঁছেছেন
* গতকাল গেছেন ৩ হাজার ৭৭২ জন
পবিত্র হজের জন্য সৌদি কর্তৃপক্ষ গত সোমবার পর্যন্ত বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন হজযাত্রীকে ভিসা দিয়েছে। ঢাকায় সৌদি দূতাবাসের কাছে আর কোনো হজযাত্রীর ভিসার আবেদন জমা নেই।
এবার হজযাত্রীদের যাওয়া নিয়ে জটিলতা এবং এ নিয়ে ১৩ আগস্ট হাইকোর্টের দেওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা। সেই হিসাবে এখনো ৮ হাজারের কিছু বেশি হজযাত্রীর ভিসা বাকি আছে।
বাকি হজযাত্রীদের ভিসার বিষয়ে জানতে চাইলে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘১৪ আগস্ট পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৯১৩ জনের ভিসার আবেদন নিবন্ধিত হয়েছে। আশা করছি, বাকি ১ হাজার ২৮৫ জনের আবেদন বুধবারের (আজ) মধ্যে নিবন্ধিত হয়ে যাবে। চূড়ান্ত সময়সীমার মধ্যে বাংলাদেশের সব হজযাত্রী ভিসা পেয়ে যাবেন বলে আমাদের ধারণা।’
এদিকে রাজধানীর আশকোনার হজ কার্যালয় বলেছে, হজ এজেন্সিগুলোকে তাগাদা দেওয়ার পর গতকাল হজ কার্যালয়ে ৪৫৩ জন হজযাত্রীর পাসপোর্ট জমা পড়েছে। ১১ হাজার ৫৪৭ জন হজযাত্রীর পাসপোর্ট জমা পড়েনি। সৌদি দূতাবাসে ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার সময় শেষ হচ্ছে কাল বৃহস্পতিবার।
গতকাল হজ ফ্লাইটে কোনো যাত্রী-সংকট হয়নি। হজ কার্যালয় মনে করছে, হজযাত্রীদের ভিসা পেয়ে সময়মতো সৌদি আরব পৌঁছাতে আর কোনো জটিলতা হবে না।
হজযাত্রীদের ভিসা পেতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য ধর্ম মন্ত্রণালয় ১৩ আগস্টের মধ্যে হজ কার্যালয়ে পাসপোর্ট জমা দিতে এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছিল। ওই সময়ের মধ্যে পাসপোর্ট জমা না দেওয়ায় ১৬টি এজেন্সিকে হজ কার্যালয়ে সোমবার তলব করা হয়। সোমবারের সভায় তাদের তিন দিন সময় বেঁধে দিয়ে সতর্ক করে ধর্ম মন্ত্রণালয়।
হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, তলব করা ১৬টি এজেন্সির মধ্যে এখনো ২টি এজেন্সি প্রায় ৪০০ হজযাত্রীর পাসপোর্ট জমা দেয়নি। ৬৯৫টি এজেন্সির কারও ৫টি, কারও ১০টি করে পাসপোর্ট এখনো জমা দেওয়ার বাকি। সব মিলিয়ে এই সংখ্যা প্রায় সাড়ে ১১ হাজার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাকি পাসপোর্ট জমা হওয়া এক দিনেও সম্ভব।
বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয় গত ২৪ জুলাই। শুরুর দিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গত ১৮ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের ২৭টি হজ ফ্লাইট বাতিল বা পেছানো হয়েছে। সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বিমান ও ২৭ আগস্ট সৌদি এয়ারলাইনস ঢাকা থেকে শেষ প্রাক্-হজ ফ্লাইট পরিচালনা করার কথা।
হজ কার্যালয়ের সূত্র বলেছে, গতকাল সৌদি এয়ারলাইনসের চারটি ও বিমানের ছয়টি ফ্লাইটে ৩ হাজার ৭৭২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ নিয়ে বাংলাদেশ থেকে ৬৫ হাজার ৭৮৪ জন সৌদি আরবে পৌঁছেছেন।
এজেন্সিগুলো পাসপোর্ট জমা দিতে কেন দেরি করল—এমন প্রশ্নে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন বলেন, সৌদি আরবে হজযাত্রীদের মক্কা ও মদিনায় থাকার নির্দিষ্ট নিয়ম আছে। এটা হিসাব করে হজ এজেন্সিগুলো পরের দিকে ফ্লাইট বুকিং করে। এই হিসাবে বিমান বাংলাদেশ যদি ক্যাপাসিটি তৈরি বা স্লট বরাদ্দ নিত, তাহলে এই সমস্যা হতো না। ২৭টি হজ ফ্লাইট বাতিল হওয়ার দায় কার এমন প্রশ্নে তিনি বলেন, এর দায়দায়িত্ব হাবের নয়। বাড়িভাড়ার সঙ্গে বিষয়টি সম্পর্কিত।
হাবের মহাসচিব বলেন, ‘এখন থেকে আর ফ্লাইট খালি যাবে না। আর ক্যাপাসিটি লস হওয়ারও কোনো আশঙ্কা আমি দেখি না। প্রতি মুহূর্তে এটা কমছে। আশঙ্কার কিছু নেই। ভিসা নিয়েও কোনো সমস্যা হবে না।’
ক্যাম্পে এক হজযাত্রীর অভিযোগ
গতকাল আশকোনার হজ ক্যাম্পে কথা হয় রংপুরের বদরগঞ্জ থেকে আসা মোছাব্বিরুল হকের সঙ্গে। তিনি বলেন, গতকাল রাত ১২টা ২৫ মিনিটের ফ্লাইটের জন্য তাঁর টিকিট কাটা হয়েছিল। কিন্তু পুলিশ ভেরিফিকেশন-সংক্রান্ত জটিলতায় এই ফ্লাইটে তাঁর যাওয়া হচ্ছে না। সে জন্য তিনি অনিশ্চয়তায় আছেন। তিনি অভিযোগ করেন, হজ ওয়েবসাইটে তাঁর পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পাওয়া যাচ্ছে না। অথচ তিনি তা জমা দিয়েছেন। হজ কার্যালয় তাঁকে জানিয়েছে, এই সমস্যার সমাধান করে ২০ আগস্ট তাঁর যাওয়ার ব্যবস্থা করে দেবে।