১ লাখ ৪০ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ দরপত্র গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) টেন্ডার বাক্স থেকে এক লাখ ৪০ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ এক ঠিকাদারের দরপত্র গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গণপূর্ত বিভাগের অফিস সহকারী মো. খোরশেদ আলমকে পুলিশ আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনা ঘটেছে গতকাল বুধবার বিকেলে শেরপুর জেলা গণপূর্ত বিভাগের কার্যালয়ে।গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুটস ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা আনসার কার্যালয়ে ব্যারাকের দোতলা ভবন নির্মাণকাজের জন্য গত ১৭ ডিসেম্বর ৬৫ লাখ ৬৭ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। ১২ জানুয়ারি দরপত্র বিক্রির শেষ দিনে ১৫টি দরপত্র বিক্রি হয়। গতকাল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দরপত্র দাখিলের শেষ সময় এবং দুপুর একটায় দরপত্র খোলার নির্ধারিত সময় ছিল।রুটস ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো. কামরুল হাসান প্রথম আলোকে জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি এক লাখ ৪০ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ দরপত্র গণপূর্ত বিভাগে রক্ষিত টেন্ডার বাক্সে দাখিল করেন। কিন্তু গণপূর্ত বিভাগের কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে টেন্ডার বাক্সটি খোলা হলে দেখা যায়, তাতে তিনটি দরপত্র রয়েছে। কিন্তু মেসার্স রুটস ইন্টারন্যাশনালের দাখিল করা দরপত্রটি বাক্সে নেই।তিনি অভিযোগ করেন, গণপূর্ত বিভাগের অফিস সহকারী খোরশেদ আলম অফিসের কর্তৃপক্ষ ও অন্য ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে তাঁদের দাখিল করা দরপত্রটি গায়েব করেছেন। এ ব্যাপারে তিনি শেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।গতকাল দুপুর একটায় টেন্ডার বাক্স খোলার পর রুটস ইন্টারন্যাশনালের দাখিল করা দরপত্রটি পাওয়া না যাওয়ায় তাত্ক্ষণিকভাবে তাঁরা গণপূর্ত ভবনে হইচই শুরু করেন। এ সময় পিডব্লিউডি কর্তৃপক্ষ সদর থানার পুলিশে খবর দেয়। মেসার্স রুটস ইন্টারন্যাশনালের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গণপূর্ত বিভাগের অফিস সহকারী মো. খোরশেদ আলমকে আটক করে বিকেলে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা প্রথম আলোকে জানান, দরপত্র গায়েবের ব্যাপারে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে খোরশেদ আলমকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার আগে বিষয়টি থানায় জিডি করে রাখা হয়েছে।শেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর জাহিদ হাসান জানান, রুটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে দরপত্র গায়েবের একটি অভিযোগ তিনি পেয়েছেন। অফিস সহকারী খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার সত্যতা তিনি স্বীকার করেন। তবে দরপত্র গায়েবের সঙ্গে কর্তৃপক্ষ জড়িত নয় বলে তিনি দাবি করেন।