চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্ধারিত স্থানেই আগামী ১ সেপ্টেম্বর থেকে নগরের হকারদের বসতে হবে। কর্মদিবসে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন হকাররা। তবে সরকারি ছুটি এবং বন্ধের দিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বসতে পারবেন তাঁরা। তবে স্থানগুলো এখনো নির্ধারণ করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের আন্দরকিল্লায় নগর ভবনের সম্মেলনকক্ষে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে হকার নেতাদের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও হকারদের নির্ধারিত সময় ও নির্দিষ্ট স্থানে বসার ব্যাপারে তিনবার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা শেষ পর্যন্ত সফল হয়নি।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হকারদের তালিকা অনুযায়ী সিটি করপোরেশনের পক্ষ থেকে তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে। সিটি করপোরেশন হকারদের বসার জন্য ফুটপাতের নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দেবে। ব্যবসা পরিচালনার জন্য কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে ব্যবসা পরিচালনা শেষে হকাররা নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নেবেন।
মতবিনিময় সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে সিটি করপোরেশন হকার মার্কেট নির্মাণের প্রকল্প নিতে যাচ্ছে। তাঁদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যাপারে সিটি করপোরেশন আন্তরিক।
গতকালের সভায় বক্তব্য দেন সিটি করপোরেশনের কাউন্সিলর তারেক সোলেমান, হাসান মুরাদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, চট্টগ্রাম নগর শাখার সভাপতি বখতেয়ার উদ্দিন খান প্রমুখ।