১ হাজার কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বন ও পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশের পক্ষে এই তিন খাতে ৫৭০ কোটি ডলার ব্যয় করা আপাতত সম্ভব। ফলে এখনো ঘাটতি রয়ে যাচ্ছে প্রায় ৪৩০ কোটি ডলার। বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে বিনিয়োগ পরিকল্পনায় এ হিসাব তুলে ধরা হয়েছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ প্রতিবেদন তৈরি করেছে। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহায়তায় তৈরি ওই পরিকল্পনার খসড়া গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তুলে ধরা হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতা প্রকল্পের জাতীয় পরামর্শক শাহ মোহাম্মদ মাহবুব। স্বাগত বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। খসড়া প্রতিবেদনটি এফএওর ওয়েবসাইটে সবার মতামতের জন্য দেওয়া হয়েছে। সব অংশীজনের মতামত নেওয়ার পর সিআইপি চূড়ান্ত করবে সরকার।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা শুধু টাকা দরকারের কথা বলছি, কিন্তু আজ যদি মন্ত্রণালয়কে সব টাকা দেওয়া হয়, তাহলে সে টাকা খরচ করার মতো সক্ষমতা আছে?’ তিনি বলেন, বিশ্বে এখন সবচেয়ে বড় সমস্যা হলো বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়া। তবে এ কারণে যে বাংলাদেশ দশ মিটার পানির নিচে তলিয়ে যাবে, আমি সেটাও বিশ্বাস করি না। এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।’

পরিবেশ ও বনসচিব কামালউদ্দিন আহমেদ বলেন, ‘পরিবেশ উন্নয়ন ও সুরক্ষায় সবাই একসঙ্গে কাজ করতে চাই। এ জন্য এই কৌশলপত্র প্রণয়ন করা হচ্ছে।’ প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, এর আগে ১৯৯৫ সালে বন বিষয়ে একটি মহাপরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০ শতাংশ অর্থ পাওয়া গেছে। ফলে শুধু পরিকল্পনা করলেই হবে না, তা বাস্তবায়নের অর্থ জোগানের ব্যবস্থা রাখতে হবে।