দেশের এক হাজার মেধাবী শিক্ষার্থীকে বিমানে চড়ার সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। শিক্ষার্থীদের নিয়ে প্রথম ফ্লাইট পরিচালনা করা হবে আগামী ২৬ মার্চ।
‘ফ্লাইং দ্য ফিউচার অব বাংলাদেশ’ শিরোনামে এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন কেবল বর্তমান শিক্ষার্থীরা। দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে অংশ নিতে শিক্ষার্থীদের বিমান সংস্থাটির নির্ধারিত ফরম পূরণ করে বিভাগীয় শিক্ষকের সুপারিশ নিতে হবে। এই লিংক থেকে (www.facebook/usbair) এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
একটি ফ্লাইট আকাশে ওড়ার আগে কী কী কার্যক্রম সম্পাদন করে থাকে—তা সরাসরি ফ্লাইট ক্যাপ্টেন ও ফ্লাইট ইঞ্জিনিয়ার দ্বারা কর্মসূচিতে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কাছে ব্যাখ্যা করা হবে। বিপুলসংখ্যক শিক্ষার্থী নিয়ে এ ধরনের কার্যক্রম বিশ্বের এভিয়েশন ইতিহাসে নজিরবিহীন।
বিমান সংস্থাটির বর্তমানে ৭৬ আসনবিশিষ্ট তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ বিমান রয়েছে, যা দিয়ে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।