চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১ হাজার ৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
২০১৪-১৫ অর্থবছরের ৪৩২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকার সংশোধিত বাজেটও গতকাল পাস করেছে সিটি করপোরেশন। গত অর্থবছরের মূল বাজেট ছিল ১ হাজার ১৯৫ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকার। বাজেট বাস্তবায়নের হার ৩৬ দশমিক ১৩ শতাংশ।
তবে চলতি অর্থবছরের বাজেটের ৭০-৮০ শতাংশ বাস্তবায়ন হবে বলে আশা করছেন মেয়র নাছির। তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়নের বিষয়টি ব্যক্তির ওপর নির্ভর করে। আশা করি, এবার মূল বাজেটের ৭০-৮০ শতাংশ বাস্তবায়ন করব। এ জন্য এখন থেকেই করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’
এবারের বাজেটে করপোরেশনের নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ৬২১ কোটি ৬৮ লাখ টাকা। বাজেটে আয়ের প্রধান খাত ধরা হয়েছে উন্নয়ন অনুদান। এতে আয় ধরা হয়েছে ৯৭২ কোটি টাকা।
এবারের বাজেটে উন্নয়ন খাতে ব্যয় বরাদ্দ দেখানো হয়েছে ৯৭২ কোটি টাকা। এর মধ্যে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে ২৭৫ কোটি টাকা, পরিচ্ছন্নতায় ৩০ কোটি, সড়কবাতির জন্য ১৫ কোটি, শিক্ষা খাতে ৩০ কোটি, স্বাস্থ্য খাতে ৫ কোটি ২০ লাখ, যোগাযোগ উন্নয়নে ১৬০ কোটি এবং অন্যান্য খাতে ৪৫৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় মেয়র নাছির বলেন, নগরের সামগ্রিক উন্নয়ন এবং নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় দরকার। সমন্বয়হীনতার কারণে প্রতিনিয়ত বিপুল পরিমাণ সম্পদ ও অর্থের অপচয় হচ্ছে এবং নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অগ্রাধিকারের ভিত্তিতে চট্টগ্রামের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান ও দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন মেয়র।
নগরের জলাবদ্ধতা নিরসনে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মেয়র আ জ ম নাছির বলেন, বাড়ৈপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন প্রকল্প তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। বিদ্যমান খালগুলোর পানির ধারণক্ষমতা বাড়ানোর জন্য গভীরতা বৃদ্ধি করা হবে। এ ছাড়া বন্দরের সঙ্গে সমন্বয় করে কর্ণফুলী নদী খননে উদ্যোগ নেওয়া এবং পরিকল্পিত উপায়ে নালা-নর্দমা নির্মাণ করা হবে।