১-১১ অক্টোবর সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মুজিবুল হকসহ অন্যরা। ছবি: ফোকাস বাংলা
আন্তমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মুজিবুল হকসহ অন্যরা। ছবি: ফোকাস বাংলা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী মাসের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীর রমনা রেস্তোরাঁয় আন্তমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবির।

মন্ত্রী জানান, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে তিন দিন ও পরে আরও তিন দিন মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল কমিয়ে আনা হবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গবাদিপশু বোঝাই ট্রাক এ নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। তিনি আরও জানান, পথের দুধারে যত্রতত্র পশুর হাট বসতে দেওয়া হবে না। এ ছাড়া মহাসড়কে যান চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হবে।

যোগাযোগমন্ত্রী জানান, এ বছর রাজধানীর বাবুবাজার, নয়াবাজার, আরমানিটোলা ও তালতলা বাজারে পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হবে না। রাজধানীতে যত্রতত্র পশুর হাট বসানোর বিষয়টি পর্যবেক্ষণের জন্য ১০ জন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত টহল দেবেন।

মন্ত্রী আরও জানান, ঈদের সময় রাজধানীর সড়কগুলো যান চলাচলের উপযুক্ত করতে কাজ করবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত একটি টাস্কফোর্স কমিটি।

এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মসিউর রহমান, পুলিশের আইজি প্রমুখ উপস্থিত ছিলেন।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ঘরমুখী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিস ও বাড়তি কোচের ব্যবস্থা করা হয়েছে।