১/১১-এর খলনায়কেরা এখন কোথায়, প্রশ্ন এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে নানা কথা বলা হচ্ছে। তাঁর বিচার দাবি করা হচ্ছে। ১/১১-এর কুশীলবদের বিচার দাবি করা হচ্ছে। বিচার যদি করা হয়, তবে জাপার প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদেরও বিচার হওয়া উচিত।

এরশাদ আজ রোববার জামালপুর ও শেরপুর জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনের পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামালপুর: জেলার পৌর পাবলিক হলের কক্ষে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘এখন বলা হচ্ছে, ১/১১-এর সঙ্গে যাঁরা জড়িত ছিলেন তাঁদের বিচার করা হবে।’ ওই সময়কার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ‘সেই সময় শেখ হাসিনা ও খালেদা জিয়া দলের শীর্ষ পদ হারাননি। কিন্তু আমি হারিয়েছিলাম। আমাকে দলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ হয়েছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাহলে তিনি কি খলনায়ক নন? সবচেয়ে বড় খলনায়ক ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।’
এরশাদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা পথ হারাননি, আমি নিজেই পথ হারিয়ে ফেলেছিলাম। জাতীয় পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এরপরও জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়নি, এখনো বেঁচে আছে। কারণ, জনগণ এই দলকে ভালোবাসে। আমরা সংসদে বিরোধী দল হিসেবে থাকলেও সরকারের প্রশংসা করতে হচ্ছে। সে জন্য আসল বিরোধী দল হতে হবে। ফলে এককভাবে আগামী সংসদ নির্বাচনে আসতে হবে।’

শেরপুর: এরশাদ বলেন, ‘সংবাদপত্রে ১/১১-এর কুশীলবদের নাম আসছে, তাঁদের বিচার দাবি করা হচ্ছে। বিচার যদি করা হয়, তবে আনিসুল ইসলাম মাহমুদেরও বিচার হওয়া উচিত। কারণ, আনিসও ১/১১-এর কুচক্রীদের একজন ছিলেন। ওই সময় আনিস আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে দলের অস্থায়ী চেয়ারম্যান হয়েছিলেন। পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু সরকারের মন্ত্রী থাকায় তাঁর নাম সংবাদপত্রে আসেনি।’
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দলের সম্মেলনে এরশাদ বলেন, তাঁর স্ত্রী ও অন্য কয়েকজন নেতাকে দিয়ে তাঁর দল ভাঙার চেষ্টা করা হয়েছে। কিন্তু সফল হয়নি। ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করার পর দলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে এরশাদের দাবি।
এরশাদের সঙ্গে ছিলেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার ও ফয়সল চিশতী, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।