১/১১ ঘটনার তদন্তে কমিশন দাবি সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার ঘটনার তদন্তে কমিশন গঠনের দাবি করেছেন জাতীয় সংসদের কয়েকজন মন্ত্রী-সাংসদ। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা এ দাবি তোলেন। তাঁদের কেউ কেউ ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিচার দাবি করেন। এ সময় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সংসদ পরিচালনা করছিলেন।

এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক-এগারোর ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার দাবি করে বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগের সাংসদেরা।
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘এক-এগারোর সময় প্রকাশিত সংবাদের বিষয়ে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের স্বীকারোক্তি ও এর পরবর্তী বিষয় নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে। কিন্তু তারা ১৯৭১ সালে পাকিস্তানের গণহত্যার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। মাহ্ফুজ আনামের স্বীকারোক্তির মধ্য দিয়ে এক-এগারোর শাসনে রাজনীতিবিদদের ওপর কী ধরনের অপপ্রচার চালানো হয়েছিল, তা বেরিয়ে এসেছে। আমি বলব, কেবলমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নয়, এক-এগারোর সমস্ত ঘটনা বোঝার জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে। একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হোক। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই ব্যবস্থা নিতে হবে।’
বর্তমানে দেশে মত প্রকাশের স্বাধীনতা আছে দাবি করে রাশেদ খান মেনন বলেন, পত্রপত্রিকা ও টক শো দেখলেই বোঝা যায় দেশে মত প্রকাশের স্বাধীনতা আছে। এরপরও কেউ ভয়ে সেল্ফ সেনসরশিপ করলে এর দায় তাঁদের নিজেদেরই নিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক-এগারোর ঘটনার তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়ে বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছিলাম। এক-এগারোর নামে গ্রেপ্তার করা হলো। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? তারা কী করে? আমার দাবি হলো একটি কমিশন গঠন করতে হবে। কারা কী করেছিল সেই রহস্য উন্মোচন হওয়া উচিত। মুখোশ উন্মোচন হওয়া উচিত। কীভাবে নির্যাতন করা হয়েছে, কীভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, সেটা বের উচিত। যাতে ভবিষ্যতে আর এক-এগারো না আসতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।’
ডেইলি স্টার সম্পাদকের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘মাহ্ফুজ আনাম একজন সাংবাদিক। রাজনীতিবিদেরা ভুল করলে জেল হয়, সরকারি কর্মচারী ভুল করলে জেল হয়। উনি ভুল করে বললেন, “আই অ্যাম সরি”। সরি বলে সব ভুলে গেলেন। যারা নির্যাতিত হয়েছে তারা সুস্থ হয়ে যাবে? রাজনীতিবিদদের চরিত্র হরণ করা হলো। ছাত্রদের হত্যা করা হলো। আর উনি সরি বললেন। ওরা ভুল করলে বলে সরি। আমরা ভুল করলে বন্দীখানা আছে। এটা কোনো কথা হলো? সরি বললে কি আমি সুস্থ হয়ে যাব? আমরা কি এ কথা ভুলে যেতে পারব?’
জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘২০০১ সালের পর খালেদা জিয়া দেশকে রক্তাক্ত করেছিলেন। মইন উদ্দীন-ফখরুদ্দীন এসে দেশকে খাদের কিনারায় নিয়ে যান। সেখান থেকে শেখ হাসিনা গণতন্ত্র ও উন্নয়নের পথে ফেরত নিয়ে এসেছেন। তবে এই ফেরতযাত্রায় নেতৃত্ব দিতে গিয়ে তাঁকে নানা ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে। চক্রান্তকারীরা ব্যর্থ হলেও বোল পাল্টে নতুন চক্রান্তে লিপ্ত আছে।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মন্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে হইচই শুরু করেছে। কিন্তু এই সংস্থাগুলো একাত্তরের নারী হত্যা ও পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যার সময় কোনো টুঁ-শব্দ করেনি। এক-এগারোর সময়ও তারা কোনো বক্তব্য-বিবৃতি দেয়নি। কিন্তু সেই এক-এগারোর ঘটনা নিয়ে মাহ্ফুজ আনাম যখনই স্বীকারোক্তি দিয়েছে, সেটা নিয়ে যখন সমালোচনা হয়েছে, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হইচই বাধিয়ে দিয়েছে। মাহ্ফুজ আনামের সমালোচনা করলে নাকি গণমাধ্যমের সমালোচনা করা হয়। এটা ঠিক নয়। এই বিদেশি সংস্থাগুলো হচ্ছে একচোখা। এরা বাংলাদেশের সবকিছু ঠিকমতো দেখছে না।’
সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, যারা সত্য প্রকাশের বদলে অসত্যের আশ্রয় নেয়, সুবিধাবাদীদের কাছে মাথা নত করে, তারা জানে না, শেখ হাসিনা অসত্যের কাছে মাথা নত করেন না। নৈতিকতা ও দায়িত্ব বিসর্জন দিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জাতি ও দেশকে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ের সহকর্মীদের বক্তব্যের সঙ্গে তিনি একমত।
রোববার সংসদে আরও বক্তৃতা দেন বাহাউদ্দিন নাছিম, আবুল কালাম আজাদ, হুইপ আতিউর রহমান, জাহিদ আহসান, জেবুন্নেছা আফরোজ, তালুকদার মো. ইউনূস, আবদুল লতিফ প্রমুখ।