১/১১ ঘটনায় তদন্ত কমিশন চান স্বাস্থ্যমন্ত্রী
এক-এগারোর ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ওই সময় যা ঘটেছে, তা কমিশনের মাধ্যমে খুঁজে বের না করলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাউথ এশিয়ান নিউরোসার্জিক্যাল কংগ্রেস ও অষ্টম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি এখানে আসার সময় গাড়িতে বসে পত্রিকায় দেখলাম, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সত্য ও স্পষ্ট কথা বলেছেন। যারা সে সময় ভিলেন (খলনায়ক) ছিল, তাদের অনেকে এখন হিরো হয়ে যাচ্ছে। একজন মাহ্ফুজ আনাম, তিনি বললেন ভুল করেছিলেন। রাজনীতিবিদরা রাজনীতি করবেন, ডাক্তার সাহেবরা ডাক্তারি করবেন, সাংবাদিক বন্ধুরা সাংবাদিকতা করবেন, এটাই বড় কথা। যার যার সীমানা আছে। সীমানা কেউ অতিক্রম করলে ভুল করাই স্বাভাবিক।’ তিনি বলেন, ভুল স্বীকার করলে হবে না। দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত ছিল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক-এগারোর সময় চক্রান্ত করে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করা হয়েছে। কিছু অশুভ শক্তি ক্ষমতা দখল করতে চেয়েছিল। শেখ হাসিনা দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে গণতন্ত্র রক্ষা করেছেন।