১/১১-র নেপথ্যের কুশীলবরা বেরিয়ে আসবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক-এগারোর নেপথ্যে কারা ছিল, তা একদিন বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কারা এর কুশীলব, কারা কারিগর, কারা মঞ্চে, কারা নেপথ্যে ছিল, তা একদিন বেরিয়ে আসবে। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতি যদি ঠিক হয়, অন্তত নৈতিকতার প্রশ্নে রাজনীতিবিদেরা যদি ঠিক থাকেন, তাহলে অশুভ শক্তির কোনো ষড়যন্ত্র কোনো দিন সফল হবে না। তিনি বলেন, সে সময় বিরাজনীতিকরণের লক্ষ্য হাসিলের জন্য মঞ্চের কুশীলবদের পেছন থেকে সহযোগিতা করেছেন যেসব রাজনীতিবিদ, তাঁদের আজ ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। আজকেও যদি কেউ আবার আরেকটি এক-এগারোর স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না।
বার কাউন্সিলের সহসভাপতি আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে আমরা সূর্যমুখী নামে একটি সংগঠনের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম, সাংসদ আখতার জাহান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে কাদের সিদ্দিকী উপস্থিত থাকলেও তিনি মঞ্চে ওঠেননি।