১/১১-র কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

এক-এগারোর (১/১১) ‘কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসবে’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর মতে, তখন কারা মঞ্চে আর কারা নেপথ্যে ছিলেন, এ নিয়ে আরও গবেষণা ও চিন্তাভাবনার সময় আছে।
গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংসদদের এ মতবিনিময় সভা হয়।
এক-এগারোর সরকারের সঙ্গে আঁতাত করে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেছে—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কেঁচো খুঁড়তে গেলে বিষধর সাপ বেরিয়ে আসবে। তাদের (বিএনপি) ঘরের শত্রু বিভীষণ কে? এটা তাদের বের করতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, সেদিন গ্রেপ্তার তো অনেকেই হয়েছিল। প্রথম গ্রেপ্তার হওয়ার কথা ছিল সরকারি দলের নেতাদের। ওই সময় শেখ হাসিনা ছিলেন বিরোধী দলের নেতা। তাঁকেই প্রথম গ্রেপ্তার করা হয়।’
পরে বিকেলে আরও দুই দফায় জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।