১/১১-র জন্য রাজনীতিকদের দায়ী করলেন এমাজউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমাজউদ্দীন আহমদ
এমাজউদ্দীন আহমদ

১/১১-এর ক্ষেত্র তৈরি করার জন্য রাজনীতিকদের দায়ী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি বলেছেন, ১/১১ ছিল সামরিক অভ্যুত্থান। রাজনৈতিক নেতারা অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি না করা পর্যন্ত কখনো কোথাও সামরিক অভ্যুত্থান ঘটেনি।
গতকাল শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনাসভায় এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম এ আলোচনাসভার আয়োজন করে।
এমাজউদ্দীন আহমদ বলেন, ‘ওয়ান ইলেভেনের ঘটনাকে কে কীভাবে ব্যাখ্যা করবেন জানি না, রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে স্পষ্টভাবে বলতে চাই, ইট ওয়াজ অ্যা মিলিটারি ক্যু। এটা সামরিক অভ্যুত্থান ছিল। সামরিক অভ্যুত্থান যখন ঘটে, অভ্যুত্থান শুধুমাত্র সামরিক কর্মকর্তাদের দ্বারা ঘটে না। উচ্চাকাঙ্ক্ষী কিছু সামরিক কর্মকর্তা তার কেন্দ্রে থাকে, আর সাথে থাকে প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা এই ক্ষেত্র তৈরি করে। যতক্ষণ রাজনৈতিক নেতৃবৃন্দ সামরিক অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি না করে, ততক্ষণ পর্যন্ত সামরিক অভ্যুত্থান কখনো কোথাও ঘটেনি। মইন উদ্দিনকে একা দোষ দিয়ে লাভ নেই। মইন উদ্দিন অভ্যুত্থান ঘটিয়েছেন, ফ্রন্টম্যান হিসেবে রেখেছিলেন ফখরুদ্দীনকে, তাঁকে রাখার অর্থই হলো প্রশাসনিক ব্যবস্থা যেন তাঁর সঙ্গে থাকে।’
সাম্প্রতিক সময়ে ১/১১ নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে এমাজউদ্দীন বলেন, ‘আজকে দু-একজন যারা নিগৃহীত নির্যাতিত হয়েছিল, তাদের মুখে খানিকটা প্রতিবাদের সুর শোনা যায়। নীতিগতভাবে এই সরকার অবৈধ, যারই আন্দোলনের ফসলই হোক, মাননীয় প্রধানমন্ত্রী তো স্পষ্টই করেই বলেন, “আমাদের আন্দোলনের” ফসল। কার বিরুদ্ধে মামলা করবেন? সাংবাদিক, ডেইলি স্টার-এর প্রথম আলোর সাংবাদিকের দিকে তাকিয়ে চোখ গরম করলে সমস্যার সমাধান হয় না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগে যাঁরা ১/১১-এর পক্ষে কথা বলেছেন, তাঁরাই এখন এর বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু তিনি ১/১১ সরকারকে বৈধতা দিয়েছেন। তিনি বলেছিলেন, ‘‘১/১১ সরকার তাঁদের আন্দোলনের ফসল।” আজকে যখন তাঁদের আঁতে ঘা লেগেছে ও আক্রান্ত হচ্ছে, তখন এর বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু যাঁরা এ ঘটনাটি ঘটিয়েছে, তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ১/১১ সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন। কিন্তু সে মামলাটি চাপিয়ে রাখা হয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, জাতীয়তাবাদী রাজনীতিকে স্তব্ধ করার ধারাবাহিকতায় খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বলেন, তারেক রহমান জাতীয়তাবাদের প্রতীক। তাঁকে নিয়ে সরকারের যত ভয়।