ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার মেঘনা সেতু ও কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর মেরামতকাজের জন্য রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সপ্তাহব্যাপী সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। আজ শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।ওই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহারকারী সব ধরনের যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে হবে। একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম পথে একজোড়া বিশেষ আন্তনগর ট্রেন চালু করা হচ্ছে। ট্রেন দুটি উভয় পথে ফেনী, কুমিল্লা ও ঢাকা বিমানবন্দর স্টেশনে তিন মিনিট করে যাত্রাবিরতি দেবে। তার পরও পথে পথে যাত্রী ভোগান্তি থাকবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সেতু দুটি দিয়ে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর বেয়ারিং ও এক্সপানশন জয়েন্ট মেরামতের কারণে ১ থেকে ৭ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত প্রতিদিন ছয় ঘণ্টা করে যানবাহন চলাচল বন্ধ থাকবে।সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, সেতু দুটি মেরামতকালে কুমিল্লার ময়নামতি হয়ে ওই সময়ে (রাত ১২টা থেকে ভোর ছয়টা) সব যানবাহনকে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় হয়ে আশুগঞ্জ-ভৈরব ও নরসিংদী দিয়ে ঢাকায় যেতে হবে। ইতিমধ্যে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে বিধ্বস্ত সেতুতে বেইলি সেতু বসানো হয়েছে। নির্বিঘ্নে যান চলাচলের জন্য সওজ কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।