স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ১০ অক্টোবরের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে ১৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সাংবাদিকদের সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সাগর-রুনিসহ বিগত সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন গণমাধ্যমের দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়। এর আয়োজন করে সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়ন ও সংগঠন।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে র্যাবের জিজ্ঞাসাবাদে সাংবাদিক সমাজ সন্তুষ্ট নয়। বিএফইউজে অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সাগর-রুনি হত্যার বিচার না হলে এ দেশের মানুষের গণতন্ত্র, মৌলিক অধিকার এবং নিরাপত্তা বিঘ্নিত হবে।স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বিএফইউজে একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘১০ অক্টোবরের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকেরা আর আপনাদের কাছে যাবে না। তাঁরা জনতার আদালতে যাবে।’ বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন খুনি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হবে। সেই ‘ঘণ্টা’ সাত মাসে পরিণত হয়েছে। এখন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ১০ অক্টোবরের মধ্যে খুনিকে গ্রেপ্তার করা হবে। তাঁর ঘোষিত এই ‘দিন’ যেন বছরে না গড়ায়। সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই অংশের সভাপতি ওমর ফারুক ও আবদুস শহিদ, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও অপর অংশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী। সমাবেশের সঞ্চালক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান।