১০ অভিযোগ খতিয়ে দেখতে ইসির নির্দেশ
বিজয় দিবসের অনুষ্ঠানে প্রার্থীর পক্ষে মন্ত্রী-সাংসদের প্রচারণা এবং প্রার্থীর অংশগ্রহণের বিষয়ে খতিয়ে দেখতে আট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এসব অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে তা নির্বাচন কমিশনকে জানাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
জানা গেছে, সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া, বরগুনা সদর, বাকেরগঞ্জ, লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া, রাজশাহীর তাহেরপুর, শেরপুর সদর ও ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় বিধি লঙ্ঘনের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এতে একজন মন্ত্রী, চার সাংসদ ও পাঁচ প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রকাশিত হয়েছে। এসব এলাকার স্থানীয় সাংসদ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসির নির্দেশনা উপেক্ষা করে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রচারণা চালিয়েছে।
এ নিয়ে ৩১টি অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশনা দিয়েছে ইসি। এর কোনোটিরই প্রতিবেদন এখনো ইসিকে জানায়নি মাঠ কর্মকর্তারা।
এর আগে ময়মনসিংহের ফুলপুরে তথ্যমন্ত্রী ও ধর্মমন্ত্রীর বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন পাঠিয়ে অভিযোগ খতিয়ে দেখতে বলে ইসি। তথ্যমন্ত্রী আচরণবিধি লঙ্ঘন করেননি বলে পরে গণমাধ্যমে বিবৃতিও দেন। কিন্তু সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এখনো ঘটনার সত্যতা ও যথার্থতা যাচাই করেছে কি না তা ইসিকে অবহিত করেনি।
আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হবে। এতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।