আরও ১০ অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ
ভোটের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের কথা ভাবছে নির্বাচন কমিশন
পৌরসভা নির্বাচনের আগে নির্বাচনী এলাকায় চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, মাস্তান, অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। পৌর নির্বাচন উপলক্ষে আজ শনিবার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের পর অভিযানের ধরন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কমিশন সূত্র বলেছে।
এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রার্থীদের পক্ষে মন্ত্রী-সাংসদদের প্রচার এবং প্রার্থীর অংশগ্রহণের ১০ অভিযোগ খতিয়ে দেখতে আটজন রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্র বলেছে, ভোটকে সামনে রেখে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা, লাইসেন্সধারী বৈধ অস্ত্র জমা নেওয়া এবং ভোটের আগের দিন বহিরাগতদের নির্বাচনী এলাকা থেকে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা থাকবে আজকের আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে। কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের আগে-পরে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। আজকের বৈঠকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি, কোস্টগার্ডসহ সব বাহিনীর প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের কার্যপত্র অনুযায়ী, পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না। তবে ভোটের দিন ও ভোটের আগে-পরে মোট চার দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পৌর এলাকায় বিজিবি মোতায়েনের প্রস্তাব করবে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটের দিন বেশিসংখ্যক বিজিবি ও র্যাব সদস্য মোতায়েনের কথা ভাবছে কমিশন।
ভোটের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, আনসার-ভিডিপি ও ব্যাটালিয়ন আনসারকে মোতায়েন করা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, র্যাব, এপিবিএন, কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের নিয়োজিত করার প্রস্তাব করবে কমিশন।
৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ২০টি রাজনৈতিক দলের ও স্বতন্ত্র মিলিয়ে মেয়র পদে ৯২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়াইয়ে রয়েছেন ১১ হাজারের বেশি প্রার্থী। নির্বাচনে প্রায় সাড়ে তিন হাজার ভোটকেন্দ্র থাকছে। আর এসব পৌরসভায় ভোটার সংখ্যা প্রায় ৭১ লাখ।
আরও ১০ অভিযোগ খতিয়ে দেখতে বলেছে ইসি: বিজয় দিবসের অনুষ্ঠানে প্রার্থীর পক্ষে মন্ত্রী-সাংসদদের প্রচার এবং প্রার্থীর অংশগ্রহণের বিষয়টি খতিয়ে দেখতে আটজন রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এসব অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে তা কমিশনকে জানাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সূত্র বলেছে, সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া, বরগুনা সদর, বাকেরগঞ্জ, লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া, রাজশাহীর তাহেরপুর, শেরপুর সদর ও ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে একজন মন্ত্রী, চারজন সাংসদ ও পাঁচজন প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে। এসব এলাকার স্থানীয় সাংসদ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসির নির্দেশনা উপেক্ষা করে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রচার চালিয়েছেন।
এ নিয়ে ৩১টি অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি।