১০ অ্যামিকাস কিউরির নয়জনই ষোড়শ সংশোধনীর বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনীর বিপক্ষে মত দিয়েছেন জ্যেষ্ঠ নয় আইনজীবী। আর একজন আইনজীবী এই সংশোধনীর পক্ষে মত দিয়েছেন। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে অ্যামিকাস কিউরিরা এসব মতামত দেন। ১২ জন অ্যামিকাস কিউরির মধ্যে আদালতে এ পর্যন্ত বক্তব্য দিয়েছেন ১০ জন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে গতকাল মঙ্গলবার দশম দিনের মতো শুনানি হয়। অ্যামিকাস কিউরিদের মতামত উপস্থাপনের পর আপিল বিভাগ আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।

গতকাল আজমালুল হোসেন কিউসি, এ জে মোহাম্মদ আলী ও ফিদা এম কামাল তাঁদের মতামত তুলে ধরেন।

ষোড়শ সংশোধনীর পক্ষে যুক্তি দিয়ে আজমালুল হোসেন কিউসির মতে, বিচারকেরা জনগণের হয়ে বিচার করছেন। তাঁদেরও জবাবদিহির প্রয়োজন আছে। সংবিধান অনুযায়ী সব ক্ষমতার মালিক জনগণ। জবাবদিহির জন্য সংসদে যাঁরা নির্বাচিত সংসদ সদস্য, জনগণের প্রতিনিধিত্ব করছেন, তাঁদের কাছে জবাবদিহি থাকার প্রয়োজন আছে। তিনি বলেন, ষোড়শ সংশোধনীর পাশাপাশি বিচারক অপসারণে একটি সেফগার্ড রাখা হয়েছে। একটি আইন প্রস্তাব করা হয়েছে।

প্রধান বিচারপতি বলেন, মামলাটি (হাইকোর্ট রিট) বিচারাধীন থাকা অবস্থায় তাড়াহুড়ো করে আইনটি (তদন্ত ও বিচার প্রক্রিয়া) করা হলো। ’৭২ সাল থেকে এত বছর গেল, তখন আইনটি করা হয়নি। প্রধান বিচারপতি ‘না’ করলেন, তারপরও মন্ত্রিসভায় আইনটি অনুমোদন দেওয়া হলো।

আজমালুল হোসেন কিউসির পর অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও পরে ফিদা এম কামাল ষোড়শ সংশোধনীর বিপক্ষে মত উপস্থাপন করেন। এ জে মোহম্মদ আলী বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। এ ক্ষেত্রে জনগণের মতামত প্রতিফলিত না-ও হতে পারে।

ফিদা এম কামাল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। সুপ্রিম কোর্টের একাধিক রায়ে এটা এসেছে।

এরপর আইনজীবী সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মত উপস্থাপন করেন। তিনি ষোড়শ সংশোধনীর পক্ষে মত দেন। আইনজীবী মতিন খসরু ইন্টারভেনার (ব্যাখ্যাকারী) হিসেবে মত দিয়েছেন বলে প্রথম আলোকে জানান রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৭ মার্চ আপিল বিভাগ শুনানিতে জ্যেষ্ঠ ১২ আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আইনি সহায়তাকারী) হিসেবে নিয়োগ দেন। এর আগে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, রোকনউদ্দিন মাহমুদ, এ এফ হাসান আরিফ ও এম আই ফারুকী তাঁদের বক্তব্যে ষোড়শ সংশোধনীর বিপক্ষে মত দেন। অপর দুজন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ এখনো মত উপস্থাপন করেননি।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে, যার ওপর ৮ মে শুনানি শুরু হয়।