১০ আগস্ট থেকে সারা দেশে ওএমএসের চাল বিক্রি
১০ আগস্ট থেকে রাজধানীসহ সারা দেশে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। ২৪ টাকা কেজি দরে ট্রাকে করে এই চাল বিক্রি হবে। মাথাপিছু পাঁচ কেজি করে রাজধানীর ১৫০টি স্থানে এই চাল পাওয়া যাবে। এবার ডিলারদের দোকানে কোন চাল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য বিভাগ। সবগুলো বিভাগীয় শহরের প্রত্যেকটিতে ২০টি করে ও রাজধানীর পার্শ্ববর্তী সাভার, জয়দেবপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৫টি করে ট্রাকে ওএমএস চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। এদিকে রমজান মাসের প্রথম সপ্তাহ থেকে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোর তালিকাভুক্ত দরিদ্রদের জন্য ‘ফেয়ার প্রাইজ কার্ড’-এর মাধ্যমে চাল বিক্রি হবে। রাজধানীর চার লাখ ও সারা দেশে মোট নয় লাখ মানুষ এই চাল কিনতে পারবে। খাদ্য বিভাগ থেকে এই চালের দাম ২৩ টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। প্রতি পরিবার মাসে ২০ কেজি করে এই চাল পাবে। ওএমএস চালের ক্ষেত্রে ডিলাররা ২২ টাকা ৫০ পয়সায় কিনে তা ২৪ টাকায় বিক্রি করবে। সপ্তাহে পাঁচ দিন ওএমএস চাল বিক্রি হবে। শুক্রবারসহ আরও যেকোনো একদিন চাল বিক্রি বন্ধ থাকবে। রমজান মাসে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মোট এক লাখ টন চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ওএমএস চাল বিক্রির ক্ষেত্রে প্রতিটি ট্রাকে চার টন করে চাল দেওয়া হবে। ফেয়ার প্রাইজ কার্যক্রমের ক্ষেত্রে প্রতি এক হাজার পরিবারের জন্য একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে। খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, ভোক্তাদের কাছাকাছি পৌঁছাতেই এবার ওএমএস চাল ট্রাকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাল বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা আনতে ট্রাকে ডিলারদের প্রতিনিধি ছাড়াও খাদ্য পরিদর্শকেরা থাকবেন। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকার সর্বশেষ ২২ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি করেছিল। সরকারি গুদামে বর্তমানে প্রায় ছয় লাখ টন চাল রয়েছে। এ বছর মোট ১০ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খাদ্যসচিব বরুনে দেব মিত্র এ ব্যাপারে বলেন, চালের সংগ্রহ বাড়াতে ভারত ও ভিয়েতনামের কাছ থেকে আরও বেশি পরিমাণে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানির লক্ষ্যমাত্রা এক লাখ টন থেকে বাড়িয়ে দুই লাখ ২০ হাজার টন করা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে একটি প্রতিনিধিদল চলতি সপ্তাহে ভিয়েতনাম যাচ্ছে। চলতি বছর ১২ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। শুরুতে প্রতি কেজি ২৫ টাকায় সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তী সময়ে তিন টাকা প্রণোদনা মূল্য যোগ করে প্রতি কেজি চালের সংগ্রহ মূল্য ২৮ টাকা করা হয়। হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচটি এলাকা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জকে ওএমএসের বিশেষ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোয় ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হবে।