১০ আগস্টের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস
নগরের বন্দর অঞ্চলের দুর্বল পোশাক কারখানার মালিকেরা আগামী ১০ আগস্টের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল সোমবার বন্দর অঞ্চলের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মালিকপক্ষ এই প্রতিশ্রুতি দেয়। বৈঠকে শিল্প-পুলিশের কর্মকর্তারাও অংশ নেন।পুলিশ সূত্র জানায়, বন্দর অঞ্চলের দুটি ইপিজেড ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২০টি পোশাক কারখানা দুর্বল প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত। এই প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের ঈদের আগে বেতন পরিশোধ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। বন্দর অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অনিন্দিতা বড়ুয়া বলেন, কয়েকজন মালিক ও তাঁদের প্রতিনিধি বৈঠকে যোগ দেন। তাঁরা প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ১০ আগস্টের মধ্যে সব শ্রমিককে বেতন পরিশোধ করে দেওয়া হবে।তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেন, শ্রমিকেরা কাজ করলে অবশ্যই পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন বন্দর অঞ্চলের পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার মো. হাছান চৌধুরী, চট্টগ্রাম শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান, উপপরিচালক আলী আহমেদ।