১০ ইউপির আটটিতেই প্রার্থী নেই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আট ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই। এ কারণে অধিকাংশ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরাই হচ্ছেন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে শুধু কুতুবপুর ও রাধানগর ইউনিয়নে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন উত্তম কুমার সাহা ও নুরুজ্জামান চৌধুরী। বাকি আটটি ইউনিয়ন—কালুপাড়া, রামনাথপুর, দামোদরপুর, গোপীনাথপুর, লোহানীপাড়া, গোপালপুর, বিষ্ণুপুর ও মধুপুরে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে দামোদরপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে রেজওয়ানুল হক চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেও পরে তিনি তা প্রত্যাহার করে নেন।
ওই আটটি ইউনিয়নে প্রার্থী না থাকা সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী বলেন, ‘দেশে আগের চার ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা লক্ষ করেছি ভোটে কারচুপি, ব্যালট ছিনতাই, আগে থেকে ব্যালটে নৌকা প্রতীকে সিল মারা, শাসক দলের প্রভাব। নির্বাচন হয়েছে লোক দেখানো। এ কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তা ছাড়া আওয়ামী লীগ মামলাবাজ সরকার। নির্বাচনে অংশ নিয়ে অহেতুক মামলার মুখোমুখি হতে চান না বিএনপির স্থানীয় নেতারা। তাই বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে রাজি হননি।’
গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘এই সরকারের দেওয়া ভোটে বিরোধী প্রার্থী হয়ে কোনো লাভ নেই। মানুষ ভোট যেখানেই দিক, জিতবে আওয়ামী লীগের প্রার্থীরা। কাজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে
অহেতুক টাকাপয়সা খরচ করার কোনো মানে হয় না। তাই ইচ্ছা থাকার পরেও ইউপি নির্বাচনে প্রার্থী হইনি।’
তবে বিএনপির স্থানীয় একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি নির্বাচনে জেতার মতো কোনো ক্ষেত্র তৈরি করতে পারেনি। ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের শক্ত অবস্থানও নেই। মামলা ও গ্রেপ্তারের ভয়ে বিএনপির নেতারা দলীয় কর্মসূচিও ঠিকভাবে পালন করেন না। তা ছাড়া এই সরকারের অধীনে নির্বাচন করার কোনো পরিবেশ নেই।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৩ ও সাধারণ সদস্য পদে ৩২৮ জন প্রার্থী লড়ছেন। ২৮ মে এই উপজেলায় নির্বাচন হবে।