গোপালগঞ্জে অতিরিক্ত জেলা জজ আদালত থেকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ১৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার নথি হারিয়ে যাওয়ার ঘটনা তদন্ত করে অতিরিক্ত জেলা জজকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ।
গতকাল সোমবার জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন অতিরিক্ত জেলা জজ মো. নাজির আহমেদকে ১০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
গত রোববার ওই মামলার বাদী মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের মো. নেসার উদ্দিন মোল্লা জেলা ও দায়রা জজের কাছে অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন নারী ও শিশু ৭৫/২০০৬ নম্বর মামলার রাষ্ট্রপক্ষের ১৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার ফাইলটি খোয়া যাওয়ায় সেটি উদ্ধার এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। গোপালগঞ্জ জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এ কে এম শওকত আলী গতকাল সোমবার বলেন, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ১০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে গতকাল সোমবার অতিরিক্ত জেলা জজকে নির্দেশ দেন জেলা ও দায়রা জজ।
এদিকে এ ঘটনায় গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মো. নাজির আহমেদ ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) কাজী নাজমুল ইসলাম ও সেরেস্তা সহকারী মহর উদ্দিন ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। তাঁরা গত রোববার এর জবাব দিয়েছেন।
প্রসঙ্গত গোপালগঞ্জের অতিরিক্ত জেলা জজ আদালতে প্রায় ১২ বছর ধরে গৃহবধূ সাজিয়া জাহান হত্যা মামলার বিচারকাজ চলছে। গত ২৯ মার্চ নির্ধারিত দিনে ১৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার নথি খুঁজে না পাওয়ায় মামলার কার্যক্রম স্থগিত করে ১৭ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।
২০০৫ সালের ২৭ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে গোপালগঞ্জ সদরের লতিফপুর ইউনিয়নের চর মানিকদাহ গ্রামে সাজিয়া জাহান ওরফে তুলির (১৯) লাশ স্বামী পুলিশ কনস্টেবল মশিউর রহমানের বাড়ি থেকে উদ্ধার করা হয়। ২০০৬ সালের ১১ ফেব্রুয়ারি সাজিয়ার স্বামী মশিউর রহমান, শ্বশুর, শাশুড়ি, ননদ মাহফুজা আক্তার, ভাবি সুমী বেগম ও চাচাশ্বশুর ইব্রাহিম মোল্লাকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ূন কবির।
গত শুক্রবার প্রথম আলোয় ‘গোপালগঞ্জে আদালত থেকে হত্যা মামলার নথি গায়েব’—শিরোনামে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়।