জালিয়াতি করে ২০১৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে ১০ পরীক্ষার্থীর ফল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান। শনিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান ১০ পরীক্ষার্থীর ফল বাতিল ও ছয় পরীক্ষার্থীর ফল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এই জালিয়াতি ঘটনার বিস্তারিত তদন্ত করার জন্য তিন সদস্যর একটি কমিটিও গঠন করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, ছয় পরীক্ষার্থী বিদ্যালয়ের ছাড়পত্র জালিয়াতি করে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে রয়েছে ছাফা মোতালেব উচ্চবিদ্যালয়ের তিনজন, বাকলিয়া উচ্চবিদ্যালয়ের দুজন ও আছিয়া মোতালেব উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
এ ছাড়া খাজা আজমেরী উচ্চবিদ্যালয়ের চার শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়। হাইকোর্টে রিট করে তারা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে বোর্ড হাইকোর্টে খোঁজ নিয়ে জানতে পারে, এই ধরনের কোনো রিটই হয়নি। রিট জালিয়াতির এই ঘটনায় চার শিক্ষার্থীরও ফল বাতিল করার সিদ্ধান্ত হয়।
এদিকে নগরের কামাল উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ছাড়পত্র জালিয়াতি করে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ছাফা মোতালেব উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর দ্বৈত নিবন্ধন রয়েছে। তাঁদের ফল স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
মো. মাহবুবুর রহমান বলেন, এসব জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত আছে কি না তা খুঁজে বের করতে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে। বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) শওকত আলমকে প্রধান করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।