সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচার আইনে শাস্তি দেওয়ার দাবিতে ১০ ও ১১ জানুয়ারি ‘রোডমার্চের’ ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। ঢাকা থেকে যশোরের মালোপাড়া পর্যন্ত এই ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ রোডমার্চ’ অনুষ্ঠিত হবে। শাহবাগে গণজাগরণ মঞ্চের সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, দেশের নানা প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীরা এক শ্রেণীর দুর্বৃত্তের রাজনৈতিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত দুই দিনে যশোর, দিনাজপুর, সাতক্ষীরা, ঠাকুরগাঁওসহ সারা দেশে তাদের অনেক বসতবাড়িতে হামলা, লুটপাট হয়েছে।
গণজাগরণ মঞ্চ এক মাসের মধ্যে তাদের তিন দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে। এগুলো হলো সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন, সাম্প্রতিক প্রতিটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুতবিচার ট্রাইব্যুনালে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আক্রান্ত সংখ্যালঘু পরিবারগুলোর ক্ষতি নিরূপণ করে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। মঞ্চের মুখপাত্র জানান, আক্রান্ত এলাকায় মঞ্চের পক্ষ থেকে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গঠন করা হবে।
ইমরান এইচ সরকার অভিযোগ করেন, আক্রান্ত ব্যক্তিরা প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা পাননি।