ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটিকে আরও ১০ কর্মদিবস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম দফায় সময় বৃদ্ধির পর ১ জুন এ সময় শেষ হওয়ার কথা ছিল।
তদন্ত কমিটির প্রধান ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিশিষ্টজনদের সঙ্গে কথা বলার জন্য এ সময় বাড়ানো হয়েছে।
তদন্ত কমিটি সূত্র জানায়, ভবিষ্যতে যাতে প্রশ্নপত্র আর ফাঁস না হয়, সে জন্য তারা করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করছে। তাদের পক্ষে প্রশ্নপত্র ফাঁসের উৎস বের করা সম্ভব হবে না৷
শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সূত্রমতে, গত বুধবার অনুষ্ঠিত গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষার আগের দিন রাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফরিদপুর থেকে একজন ফটোকপির দোকানিকে আটক করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সময় যে প্রশ্নপত্র উদ্ধার করা হয়, সেটি পরীক্ষার মূল একটি সেটের প্রশ্নের সঙ্গে মিলে যায়। এ কারণে গভীর রাতে সেট পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এর আগে ১০ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের প্রথম খবরও আসে ফরিদপুর থেকে।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। ওই ঘটনায় ১০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় একটি এবং ঢাকা শিক্ষা বোর্ড আরেকটি তদন্ত কমিটি গঠন করে।