১০ কাঠা জমির বরজ কেটে পান লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার পাঁচরই গ্রামের মিজানুর রহমানের ১০ কাটা জমির পানের বরজ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। লুট করে নিয়ে গেছে তিন লাখ টাকার পান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিজানুর রহমান শিক্ষাজীবন শেষে নিজেদের জমিতে পানের বরজ গড়ে তোলেন। গত মঙ্গলবার রাতে বরজের গাছগুলো কেটে দেওয়া হয়।
গতকাল শুক্রবার সকালে মিজানুর রহমানের বরজে গেলে তিনি বলেন, ‘আমার স্বপ্ন ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। আমি এ বছর অন্তত পাঁচ লাখ টাকার পান বিক্রি করতে পারতাম। আমার সঙ্গে কারও শত্রুতা নেই।’
মিজানুর রহমান বলেন, ‘২০০৯ সালে স্নাতক পাস করে সিদ্ধান্ত নিই গ্রামেই থাকব, কৃষিকাজ করে নিজেই স্বাবলম্বী হব, সে চিন্তায় বাড়ির সামনে পানের বরজ গড়ে তুলি। চার বছর ধরে বরজের আয় থেকেই চলছিলাম। সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিলাম।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, তিনি মিজানুরের অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।