১০ কারণে চিকিৎসক-রোগী সম্পর্ক খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক ও রোগী ভিন্ন মানুষ। আর্থসামাজিক ও ধর্মীয় বিষয় চিকিৎসক-রোগী সম্পর্কের ওপর প্রভাব ফেলে। চিকিৎসক ও রোগীর ব্যক্তিগত বিষয়ও এই সম্পর্ক গড়ে উঠতে ভূমিকা রাখে। স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ফিরোজ আহমেদ কোরেশী বলছেন, ‘অন্তত ১০টি বিষয় এই সম্পর্ককে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। সম্পর্ক উন্নয়নে রোগের চেয়ে রোগীর ব্যাপারে বেশি মনোযোগ দিতে হবে।’

আজ রোববার অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশের (এপিবি) ২৯তম বার্ষিক সম্মেলন ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারের শেষ দিনের দ্বিতীয় অধিবেশনে ফিরোজ আহমেদ কোরেশী চিকিৎসক-রোগী সম্পর্ক নিয়ে এ কথা বলেন।

সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে অধ্যাপক নূরুল হক স্মারক বক্তৃতায় ফিরোজ আহমেদ কোরেশী বলেন, ‘চিকিৎসক-রোগী সম্পর্কের তিনটি উপাদান আছে আবেগ, সংস্কৃতি ও বিচারবুদ্ধি। ১০টি বিষয় এই সম্পর্ক নষ্ট করছে বা খারাপের দিকে নিচ্ছে। এগুলো হচ্ছ স্বাস্থ্যসেবায় বৈষম্য, প্রযুক্তির দ্রুত উন্নতি, রোগীর তুলনায় চিকিৎসক–স্বল্পতা, চিকিৎসকের ওপর অতিমাত্রায় প্রত্যাশা, মধ্যবিত্ত শ্রেণির দ্রুত বিকাশ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোগী ও তার আত্মীয়ের অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা, স্বাক্ষরতা ও সচেতনতা বৃদ্ধি, বিশ্বায়ন এবং তথ্য প্রাপ্তির সহজ সুযোগ, স্বাস্থ্যব্যবস্থায় দুর্নীতি এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা।’ প্রতিটি বিষয় ধরে বিস্তারিত ব্যাখ্যা এবং উদাহরণও তুলে ধরেন তিনি।

এপিবির তিন দিনব্যাপী এই সম্মেলন আয়োজনে সহায়তা করেছে প্রথম আলো। গত শুক্রবার এই সম্মেলন শুরু হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মেলনের উদ্বোধন করেন। প্রায় ৫০০ বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখার স্নাতকোত্তর শিক্ষার্থী এ সম্মেলনে যোগ দেন।