রাজধানীতে এক কর্মশালায় বক্তারা বলেছেন, বিভিন্ন কারণে নারী সম্পদের মালিক হতে পারছে না। তবে ঢাকার ৮৫ শতাংশ ফ্ল্যাটের মালিকানায় শাশুড়ির নাম আছে। নাম থাকা এই শাশুড়িদের ৪০ শতাংশই আবার মারা গেছেন।গতকাল সোমবার ‘নারী ও ভূমি অধিকার’ শীর্ষক এশীয় আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, নেপাল ও বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।আবুল বারকাত অভিযোগ করে বলেন, পুরুষ কর ফাঁকি দেওয়ার জন্য সম্পত্তিতে নারীর নাম ব্যবহার করছেন। তিনি মূল প্রবন্ধে বলেন, বৈষম্যমূলক উত্তরাধিকার আইন, রাজনৈতিক অঙ্গীকার, সদিচ্ছার অভাব, সম্পদে নারীর অংশগ্রহণ নিয়ে কোনো তথ্য না থাকা, নারীর মানবাধিকারকে অস্বীকৃতিসহ ১০টি গুরুত্বপূর্ণ কারণে নারী সম্পদের মালিক হতে পারছে না।অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), এশিয়ান এনজিও কোয়ালিশন ফর এগ্রারিয়ান রিফর্মস (এনগক) ও ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন (আইএলসি) দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম বলেন, সার্বিক ও সংহতিপূর্ণ একটি পন্থা প্রয়োজন; যার মাধ্যমে ভূমি, গৃহ, উত্তরাধিকার ও বিবাহসংক্রান্ত আইন ও নীতির সংস্কার সম্ভব হবে। তিনি সংশ্লিষ্ট আইন ও নীতিতে সংস্কার ও প্রয়োগের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।ভূমিমন্ত্রী বলেন, কৃষি খাসজমি বন্দোবস্ত নীতিমালায় স্বামী ও স্ত্রীর সম-অংশীদারির ভিত্তিতে বন্দোবস্ত দলিল সম্পাদন এবং বিধবা ও স্বামী ছেড়ে যাওয়া নারীকে অগ্রাধিকার দেওয়ার বিধান করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ বলেন, সম্পদে নারীর সম-অংশীদারের প্রশ্নে ধর্মের বিষয়টি প্রাধান্য পায়, মৌলবাদীরা নড়েচড়ে বসে। অন্য ক্ষেত্রে ধর্মের কথা ভাবা হয় না। ইসলামধর্মে বিয়ের পরপরই স্ত্রীকে দেনমোহর বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অথচ বেশির ভাগ ক্ষেত্রেই এটি প্রাধান্য পায় না। সম্পদ পাওয়ার ক্ষেত্রে হিন্দুধর্মে নারীর অবস্থা আরও খারাপ। আবুল বারকাত বলেন, ভূমি বা সম্পদে নারীর অংশগ্রহণ নিয়ে বেসরকারি সংস্থাগুলো ঐক্যবদ্ধভাবে কথা বলে না। অথচ এ বিষয়ে মৌলবাদীরা সব সময়ই সোচ্চার ভূমিকা পালন করে। সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (সিরডাপ) মহাপরিচালক দুর্গা প্রসাদ পাদুয়াল বলেন, এশিয়ার প্রায় সব দেশেই ভূমি ও নারীর সমস্যা প্রায় একই রকম।কর্মশালায় বক্তারা বলেন, বন, জলা ও ভূমিতে দরিদ্র কৃষক, নারী ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করলে সব নাগরিকের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।