পিরোজপুরের কাউখালী-চিরাপাড়া-ভিটাবাড়িয়া-ভান্ডারিয়া সড়কের প্রায় ১০ কিলোমিটার অংশ ও নয়টি সেতু বেহাল হয়ে পড়েছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন বিভিন্ন যানের চালক ও যাত্রীরা।সরেজমিনে দেখা গেছে, ওই সড়কের সাতুরিয়া এলাকায় অবস্থিত সেতুটি ভেঙে বেহাল হয়ে পড়েছে। কাউখালী থেকে ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে কয়েকটি সেতুর রেলিং নেই। আবার কয়েকটির উপরিভাগ ভাঙা।পারসাতুরিয়া এলাকার বাসিন্দারা জানান, পারসাতুরিয়া এলাকার সেতুটি ভেঙে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বিভিন্ন যানের যাত্রী ও পথচারীদের। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির বলেন, ‘কাউখালী থেকে অল্প সময়ের মধ্যে পিরোজপুর যেতে হলে এ সড়কটি আমাদের কাছে সহজ পথ। সড়কের কিছু অংশ বেহাল ও সেতু ভাঙা থাকার কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সড়কটি খারাপ থাকার কারণে এলাকার মানুষের কথাও শুনতে হয় আমাদের। সাধারণ মানুষ তো জানে না যে এ সড়কটি দেখভালের দায়িত্ব আমাদের নয়।’পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান জানান, এই সড়কের বিভিন্ন স্থানে নয়টি সেতু দীর্ঘদিন ধরে বেহাল। এ ছাড়া এ সড়কের বিভিন্ন অংশের অবস্থাও খারাপ, সব মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার।সওজের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, তহবিলসংকটের কারণে ওই সড়কের পুরো অংশ সংস্কার করা যাচ্ছে না। পঞ্চম কিলোমিটারে বাসাবাড়ি খালের ওপর আদম আলী সেতু পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বানের পর কার্যাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১১ ও ১৩তম কিলোমিটারে দ্বিতীয় সেতু নির্মাণের জন্য অনেক আগেই দরপত্র শেষে কার্যাদেশ প্রদান করা হয়। পিরোজপুরের ‘জননী এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু দুটি নির্মাণের কাজ পেয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দুটি দ্রুত করার জন্য তাগাদা দেওয়া হয়েছে।