১০ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের অনুপযোগী
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা শহরে যাওয়ার একমাত্র পথ মারিশ্যা-দীঘিনালা সড়কের ১০ কিলোমিটার অংশ মরণফাঁদে পরিণত হয়েছে। অবস্থা এতই খারাপ যে সড়কের ভেঙে যাওয়া চারটি স্থানে যাত্রী নামিয়ে যানবাহন চলাচল করছে। দীর্ঘদিন সংস্কার না করায় এবং সম্প্রতি টানা বৃষ্টিতে সড়কের এ করুণ দশা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ২২ কিলোমিটার দীর্ঘ মারিশ্যা-দীঘিনালা সড়কটি নির্মাণ করে। ২০০০ সালে সড়কটি উদ্বোধন করা হয়। ২০০৩ সালে খাগড়াছড়ির সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছে এ সড়ক হস্তান্তর করা হয়। সম্প্রতি সড়কের ১২ কিলোমিটার সংস্কার করা হলেও বাঘাইছড়ি অংশের ১০ কিলোমিটার করা হয়নি। উপজেলা সদর থেকে বটতলা পর্যন্ত ১০ কিলোমিটারে ছোট-বড় তিন শতাধিক গর্ত সৃষ্টি হয়েছে। এর মধ্যে দেবে গিয়ে তিন-চারটি স্থানে বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।ইউএনও মুহামঞ্চদ রেহান উদ্দিন বলেন, ‘কয়েক দিন আগে রাঙামাটি থেকে ফেরার পথে দেখলাম, কয়েকটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। বিষয়টি খাগড়াছড়ি জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি।’সরেজমিনে দেখা গেছে, সড়কের বেইলি সেতু, দুই কিলোমিটার, তিন কিলোমিটার ও পনছড়ি এলাকার বিশাল অংশ ভেঙে গেছে। অপেক্ষাকৃত নিচু হওয়ায় এসব এলাকায় সহজেই গাড়ি আটকে যাচ্ছে। এ কারণে যাত্রী নামিয়ে ভাঙন থেকে উঠিয়ে গাড়ি চলাচল করছে।খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়কের বাসচালক নেপাল দে বলেন, গত কয়েক দিনে সড়কজুড়ে বড় বড় ভাঙন ও গর্ত সৃষ্টি হয়েছে। এর কারণে বাঘাইছড়ি শহরে আসতে ২০ মিনিটের জায়গায় এক ঘণ্টার বেশি সময় লাগছে। সড়কের পাশের নালাগুলো ঝোপঝাড়ে ঢেকে আছে। বৃষ্টি হলে সড়কে জমে থাকা পানি নালা দিয়ে সরতে পারে না। এতে কার্পেটিং উঠে গিয়ে সড়কে বড় ভাঙন ও গর্ত সৃষ্টি হচ্ছে।বাঘাইছড়ি পৌর শহরের লাইনম্যান টিটো চাকমা বলেন, আগে এ সড়ক দিয়ে ঘণ্টায় ১০ থেকে ১৫টি গাড়ি চলাচল করত। এখন চার-পাঁচটি গাড়িও চলাচল করছে না। চাঁদের গাড়ির (জিপ) চালক সুমির দাশ বলেন, ‘সড়কের ১০ কিলোমিটার এলাকায় এলে আগে সৃষ্টিকর্তাকে স্মরণ করি। কারণ, এখানে এলে গাড়ি উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশঙ্কা থাকে। গত এক সপ্তাহে এ স্থানে ১৫ থেকে ২০টি দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এর আগে বেইলি সেতু ও চার কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ২৭ জন আহত হয়।’ বাঘাইছড়ি উপজেলা প্রকৌশলী বিনোদ কুমার চাকমা বলেন, সড়কটি তাঁদের অধীনে নয়। এটি দেখাশোনার দায়িত্ব সওজের খাগড়াছড়ি কার্যালয়ের।সওজের খাগড়াছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রশিদ বলেন, ‘তহবিলে টাকা না থাকায় সড়কটির ওই ১০ কিলোমিটার অংশের কাজ করা হয়নি। তাই সমস্যা দেখা দিলেও এ মুহূর্তে আমাদের করার কিছুই নেই।’