১০ কিলোমিটার সড়কের জন্য ভোলাবাসীর যত ভোগান্তি
চারদিকে নদী থাকায় সড়কপথে দ্বীপজেলা ভোলা থেকে বরিশাল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই নদীপথে অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে ভোলার যাত্রীদের বরিশাল যেতে হচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিত্সার জন্য বরিশাল কিংবা ঢাকায় পাঠানো যাচ্ছে না। সড়ক যোগাযোগ না থাকায় সরকারি কর্মকর্তা ও চিকিত্সকেরা এখানে এসে থাকতে চান না। একই কারণে সম্ভাবনা থাকার পরও ভোলাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হচ্ছে না। ভোলা থেকে বরিশালের দূরত্ব ৪৫ কিলোমিটার। আর সড়কপথে এই দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। বর্ষা মৌসুমে লঞ্চযোগে ভোলা থেকে বরিশাল যেতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা। শীতের মৌসুমে ভাটার সময় চার ঘণ্টার বেশি সময় লাগে। এ সময় কুয়াশায় মধ্যে লঞ্চ চরে আটকা পড়লে আরও বেশি সময় লাগে। আর সড়ক হলে যেতে সময় লাগবে এক ঘণ্টা। এ অবস্থায় ভোলার লোকজন সরকারের কাছে ভোলা থেকে বরিশাল পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক নির্মাণের দাবি জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীপথে যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যা থাকায় ভোলার লোকজন ভোলা-৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল ইসলামের কাছে ভোলা থেকে বরিশাল পর্যন্ত সড়ক নির্মাণের দাবি জানায়। তিনি বিষয়টি লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রতিনিধি দল ২১ থেকে ২৭ ডিসেম্বর ভোলা-বরিশাল সড়ক বাস্তবায়নের বিষয়টি জরিপ করে গেছেন। জরিপ অনুযায়ী, ১০ কিলোমিটার সড়কে তিনটি সেতু ও কয়েকটি কালভার্ট নির্মাণ করতে হবে। ভোলা আবৃত্তি সংসদের সহসভাপতি মশিউর রহমান বলেন, ‘লঞ্চ ছাড়া আমরা সরাসরি ঢাকা ও বরিশাল যেতে পারি না। ঢাকার বড় দুটি লঞ্চ দুর্ঘটনায় ভোলার সাড়ে পাঁচ শ লোক নিহত হয়েছে। লঞ্চযোগে চলাফেরা করতে আমরা বর্ষা মৌসুমে ভয় পেতাম। এখন শীত মৌসুমেও লঞ্চডুবি হচ্ছে। আমরা কোনো সময় নদীপথে নিরাপদ নই।’ ভোলা শহরের বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘লঞ্চে যাতায়াত করার সময় আমরা প্রচণ্ড ভয় ও আতঙ্কের মধ্যে থাকি। বিচ্ছিন্ন জেলা হওয়ায় ভোলায় ভালো কোনো কর্মকর্তা, চিকিত্সক আসতে চান না। ফলে ভোলার অনেক কর্মকর্তার পদ শূন্য। সড়ক পথ উন্নত হলে বদলি হয়ে আসা কর্মকর্তারা দ্রুত তদবির করে আবার চলে যাবেন না।ভোলা সদর উপজেলা প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ঢাকা থেকে আসা প্রতিনিধি দলের মূল্যায়নের ভিত্তিতে সড়ক এবং তিনটি বড় সেতু এবং কয়েকটি কালভার্ট নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রস্তাবটি পাস হলে কাজ শুরু হবে।