১০ কিলোমিটারে খানাখন্দ যান চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের গাইবান্ধা জেলার ১০ কিলোমিটার অংশে কার্পেটিং, পাথর ও খোয়া উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কটির সংস্কারের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়ার পর তিন মাস পেরিয়ে গেছে। কিন্তু সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের গাফলতির কারণে কাজ শুরু হচ্ছে না। কবে নাগাদ কাজ শুরু হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা বলেন, মেরামতের অভাবে মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌমাথা এলাকা মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই রিকশা, ভ্যান, অটোরিকশা, টেম্পো ও ভটভটি উল্টে যাচ্ছে। সামান্য বৃষ্টি হলে দুর্ভোগের কোনো সীমা থাকে না। অথচ দেখার কেউ নেই। পলাশবাড়ী-সাদুল্যাপুর মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক সুরুজ হক বলেন, বিধ্বস্ত মহাসড়কের কারণে দূরপাল্লার যানবাহনগুলো বিলম্বে গন্তব্যে পৌঁছাচ্ছে। গোবিন্দগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বলেন, উত্তরাঞ্চলের আট জেলার প্রায় দুই কোটি মানুষ এই মহাসড়ক দিয়ে ঢাকা যাতায়াত করে। প্রতিদিন এক ঘণ্টার জন্যও মহাসড়কটি ফাঁকা থাকে না। শত শত যানবাহন চলাচল করায় প্রায়ই ঘটে দুর্ঘটনা।সওজের গাইবান্ধা কার্যালয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে পলাশবাড়ী উপজেলা শহর হয়ে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত মহাসড়কটির ৩২ কিমি অংশ গাইবান্ধা জেলায় পড়েছে। মহাসড়কের এই অংশ মেরামতের জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ টাকা দিয়ে ২২ কিলোমিটার কার্পেটিং উঠিয়ে মেরামত এবং অবশিষ্ট অংশ (১০ কিলোমিটার) সম্পূর্ণ কার্পেটিং করা হবে।সওজের গাইবান্ধা কার্যালয় সূত্রে জানা গেছে, দরপত্রের যাবতীয় কাজ শেষে চলতি বছরের আগস্ট মাসের প্রথম দিকে কাজ শুরুর জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। মেসার্স ইসমাইল হোসেন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজের দায়িত্ব পায়। কার্যাদেশ দেওয়ার পর এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা। ১০ নভেম্বর পর্যন্ত কাজ শুরু করা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক সওজের তালিকাভুক্ত একজন ঠিকাদার অভিযোগ করেন, অধিক লাভের আশায় কাজের পরিমাণ বেশি দেখিয়ে মেরামত কাজের সংশোধিত প্রাক্কলন (রিভাইজ স্টিমেট) তৈরির পাঁয়তারা চালানো হচ্ছে। এতে সরকারের ব্যয় অনেক বেড়ে যাবে।ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আকতার হোসেন ব্যয় বাড়ানোর পাঁয়তারা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, দরপত্র আহ্বানের সময় মহাসড়কে ক্ষতির পরিমাণ কম ছিল। কিন্তু বর্তমানে নানা কারণে ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ায় কাজের পরিধিও বেড়েছে। বিশেষত জ্বালানিসহ নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় সংশোধিত প্রাক্কলন ছাড়া কাজ করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় এক কোটি টাকা ক্ষতি হবে। তাই সংস্কারকাজ শুরুতে বিলম্ব হচ্ছে।গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম কর্তৃপক্ষের গাফলতির অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, দ্রুত সংস্কারকাজ শুরুর জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হচ্ছে।