১০ কেজির স্থলে ৫ কেজি চাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিয়ম না মেনে ঈদের বিশেষ বরাদ্দের ভিজিএফ কার্ডের চাল দেওয়া হচ্ছে পাঁচ কেজি করে। এ ছাড়া দুস্থদের এই কার্ড গেছে আওয়ামী লীগের নেতাদের কাছেও।জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারিভাবে রংপুর পৌরসভায় তিন হাজার লোকের জন্য বিশেষ ভিজিএফ বরাদ্দ দেওয়া হয়। পৌর কাউন্সিলররা অভিযোগ করেছেন, মেয়র কোনো সভা না করে একক সিদ্ধান্ত নিয়ে এই কার্ড বিতরণ করেছেন। এতে অনেক কাউন্সিলর ক্ষুব্ধ হয়ে তাঁদের বরাদ্দ পাওয়া ভিজিএফ কার্ড নেননি। এ ছাড়া পৌর মেয়র কার্ডপ্রতি ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও গতকাল সোমবার দেখা গেছে পাঁচ কেজি করে চাল দিয়েছেন। রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল কার্ড পেয়েছেন ৩৫টি। এ ছাড়া আরও অনেক নেতা পেয়েছেন এই কার্ড। তিনি (তুষার কান্তি) বলেন, এই কার্ড প্রকৃত দুস্থদেরই দেওয়া হবে। শহরের শালবন এলাকার রোকেয়া বেগম বলেন, সরকার ঘোষণা দিয়েছে কার্ডপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হবে। কিন্তু সেখানে দেওয়া হয়েছে পাঁচ কেজি।মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান বলেন, ‘রংপুর পৌর মেয়র ২০টি কার্ড পাঠিয়েছিলেন কিন্তু আমি নিইনি।’ তবে আওয়ামী লীগের নেতাদের অনেককেই দুস্থদের এই ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে—এর সত্যতা স্বীকার করে তিনি মন্তব্য করেন, ‘এটা দেওয়া এবং নেওয়া কোনোটাই ঠিক হয়নি।’কাউন্সিলর ইদ্রিস আলী অভিযোগ করেন মেয়র একাই সিদ্ধান্ত নিয়ে কার্ড বিতরণ করেন। তিনি নিজে সিদ্ধান্ত নিয়ে প্রতিজন কাউন্সিলরকে দিয়েছেন ১০০ করে কার্ড। যার চালের পরিমাণ এক হাজার কেজি। আর মেয়র একাই নিয়েছেন ১১০০ কার্ড। যার চালের পরিমাণ ১১ হাজার কেজি।পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, সুষ্ঠুভাবেই বিশেষ ভিজিএফ চালের কার্ড বরাদ্দ করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি। লোকজন বেশি হওয়ায় কার্ডপ্রতি ১০ কেজি চালের পরিবর্তে পাঁচ কেজি করে দেওয়া হচ্ছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, সরকারি নিয়মনীতি ভঙ্গ করে ১০ কেজি করে চালের জায়গায় পাঁচ কেজি করে দেওয়া হয়েছে। এটা ঠিক হয়নি।