নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা নির্বাচনে ২০টি কেন্দ্রের ১০টির ভোট গ্রহণ স্থগিতের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আক্তার হোসেন।
গত বৃহস্পতিবার চৌমুহনী গণমিলনায়তনে ১০ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সাধারণ ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলর প্রার্থীও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র আক্তার হোসেন ওরফে ফয়সল।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বুধবার চৌমুহনী পৌরসভার নির্বাচন চলাকালে কোনো কেন্দ্রে সহিংস ঘটনা, দাঙ্গা-হাঙ্গামা, সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেনি। তবুও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা একের পর এক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ১০টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের হটকারী সিদ্ধান্ত দাবি করে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্থগিত কেন্দ্রগুলোর ভোট গণনা করে দ্রুত ফল ঘোষণারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আক্তার হোসেন ছাড়াও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের মনসুর আহমেদ, ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের খোকন ঘোষ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই, প্রার্থীরা অভিযোগ করতেই পারেন। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত হলেন প্রিসাইডিং কর্মকর্তা। তাঁরা নির্বাচনী আইন অনুযায়ীই সব পদক্ষেপ নিয়েছেন।’
গত বুধবার সকালে উৎসবমুখর পরিবেশে চৌমুহনী পৌরসভার ২০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু ভোট গ্রহণ শুরু হওয়ার ঘণ্টা খানেক পর সকাল নয়টার দিকে ১ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ সময় বিক্ষিপ্ত বোমাবাজির ঘটনা ঘটে। ভোটকেন্দ্রের আশপাশে এবং রাস্তায়ও ব্যালট পেপার পাওয়া যায়।
১০টি কেন্দ্রের ঘোষিত ফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন পেয়েছেন ৭ হাজার ৩৫৮ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির জহির উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৭৬৩ ভোট। যে ১০টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে এসব কেন্দ্রের ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১০ জন।