১০ কেন্দ্রের ভোট বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম ১০টি কেন্দ্রের ভোট বাতিলের দাবি করেছেন। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাখিল করা অভিযোগে তিনি এ দাবি করেন।
নির্বাচনের দিন সহিংসতার কারণে ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এই কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, বাক্স ছিনতাই ও পুড়িয়ে দেওয়াসহ সহিংসতা হয়। এ কারণে ফলাফল স্থগিত রয়েছে। স্থগিত কেন্দ্রগুলোতে ১৬ জানুয়ারি ভোট নেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনারের কাছে করা লিখিত আবেদনে বলা হয়, তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল ১০টি কেন্দ্র দখল করে নেন। পরে কেন্দ্রগুলোতে ব্যালটে তাঁদের প্রতীকে একক সিল মারেন। এ কারণে নাদিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়ে। ওই প্রার্থীর নিজ ইউনিয়ন ইসাপুরের ছয়টি কেন্দ্রে তিনি (স্বতন্ত্র প্রার্থী) উপস্থিত থাকার কারণে কোনো ব্যালটে সিল মারতে পারেননি। এ জন্য তাঁরা জেলা প্রশাসনের সহায়তায় ওই ছয়টি কেন্দ্রের ভোট স্থগিত করে দেন।
নৌকা প্রতীকে একক সিল মারার কারণে বাউরখাড়, নাদিয়ারা, কলচমা, মধ্য আংগারপাড়া, পূর্ব বিঘা, স্টেশন মডেল, পশ্চিম কাজির খিল, মধ্য সোনাপুর, দেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চণ্ডীপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের ফলাফল স্থগিতের আবেদন করেন। এম এ আউয়াল (নৌকা প্রতীক) ভোট পান ৩২ হাজার ৫৭। আর স্বতন্ত্র প্রার্থী (আনারস) সফিকুল ইসলাম ভোট পান ২০ হাজার ৯১১।
গতকাল শুক্রবার সফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘১০টি কেন্দ্র দখল করে নৌকা প্রতীকের লোকজন সিল মারে। কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়। কেন্দ্রের বাইরে ককটেল মেরে নেতা-কর্মী ও ভোটারদের তাড়িয়ে দেয়। এ নির্বাচন বাতিল চায় সাধারণ মানুষ। দখল করা ১০ কেন্দ্র ও স্থগিত ২১টিসহ মোট ৩১টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের জন্য আবেদন করেছি।’
তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল বলেন, ‘১০ কেন্দ্রের ফলাফল বাতিলের আবেদন করা হয়েছে কি না, আমার জানা নেই। তবে জামায়াত-শিবির ও বিএনপিকে সঙ্গে নিয়ে সফিকুল ইসলাম নির্বাচনের দিন সহিংসতা করেছেন।’