১০ কোটি টাকা খরচের পরও পানি আসেনি নারদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারদ নদে এ রকম ২৩টি বাঁধ রেখেই পানি প্রবাহের জন্য সাড়ে ১০ কোটি টাকার খনন প্রকল্প শেষ করা হয়েছে। বাঁধের এ পাশে নদে কোনো পানি নেই। নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রাম থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
নারদ নদে এ রকম ২৩টি বাঁধ রেখেই পানি প্রবাহের জন্য সাড়ে ১০ কোটি টাকার খনন প্রকল্প শেষ করা হয়েছে। বাঁধের এ পাশে নদে কোনো পানি নেই। নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রাম থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বর্ষা মৌসুমেও পদ্মা থেকে বড়াল নদ হয়ে পুঠিয়ার মুসা খাঁ নদ ও নাটোরের নারদ নদে পানি আসছে না। অথচ চার বছর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মুসা খাঁ আর নারদে পানির প্রবাহ বৃদ্ধির জন্য সাড়ে ১০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করেছে।
এ বিষয়ে গত ১৬ মার্চ নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার মাঠপর্যায়ের মতামতের পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন গত ১ জুন পাউবোর (পশ্চিম অঞ্চল) অতিরিক্ত মহাপরিচালক বরাবর পাঠিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, মুসা খাঁ ও নারদের ভেতরে অপরিকল্পিতভাবে নির্মিত ১৪টি কালভার্ট ও ২৩টি বাঁধ আছে। এ কারণে বড়ালের পানি মুসা খাঁ ও নারদে যাচ্ছে না। গত চার বছরেও এর কোনো সুরাহা হয়নি।
৫ আগস্ট রাজশাহীর চারঘাটে বড়াল নদের উৎসমুখে গিয়ে দেখা যায়, জলকপাট দিয়ে পদ্মা থেকে পানি বড়ালে ঢুকছে। পাউবোর হিসাব অনুযায়ী, উজানে তখন পানির উচ্চতা ১ হাজার ৪৯০ সেন্টিমিটার, ভাটিতে ১ হাজার ৪৫০ সেন্টিমিটার ছিল। পাউবো কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বড়ালে যথেষ্ট পরিমাণ পানি ঢুকছে।
কিন্তু নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগরে মুসা খাঁর মুখে স্থাপিত জলকপাটের (স্লুইসগেট) কাছে গিয়ে দেখা যায়, বড়ালের পানি মুসা খাঁ নদে ঢুকছে না। উল্টো মুসা খাঁয় জমা হওয়া বৃষ্টির পানি বড়ালে নামছে। অথচ এই মুসা খাঁ হয়ে বড়ালের পানি নারদ নদে পড়ার কথা। মুসা খাঁ নদে মাছ ধরেন মজিবুর রহমান (৪৫)। তিনি বলেন, চারঘাটের জলকপাট থেকে বড়ালের পানি আরও ছাড়তে হবে। ওই জলকপাট বেশি করে না খুললে বড়ালের পানির উচ্চতা মুসা খাঁর নিচেই থাকবে। আবার বেশি পানি ছাড়লেও মুসা খাঁ ও নারদের বাঁধগুলো না কাটলে পানি যেতে পারবে না।

স্থানীয় তিনজন কৃষক বলেন, মুসা খাঁ খনন করার সময় তাঁদের মনে আশা জেগেছিল, নারদ পানি পাক আর না পাক, মুসা খাঁর পানি দিয়ে সেচের কাজ চলে যাবে। কিন্তু সে আশায় গুড়ে বালি। এখানে যে জলকপাট লাগানো আছে, তার ভেতর দিয়েই মুসা খাঁর সব পানি বড়ালে নেমে যাচ্ছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলার পীরগাছা এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মুসা খাঁর শেষ মাথায় একটি আড়াআড়ি বাঁধ নির্মাণ করেছে। এই বাঁধ থেকে পানি এখনো প্রায় দেড় হাত নিচে। পরীগাছাগ্রামের যুবক নজিম উদ্দিন বলেন, এটা না ভাঙলে নারদে আপাতত পানি যাওয়া সম্ভব না।

ওই বাঁধের পরেই মুসা খাঁর শাখা হয়ে ডান দিক দিয়ে নারদ নদ নাটোরের ভেতরে ঢুকেছে। নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, পুরোনো ও খুব ছোট একটা কালভার্টের ভেতর দিয়ে ধীরে ধীরে পানি প্রবাহিত হচ্ছে। আর একটু দূরে গিয়ে দেখা যায়, স্থানীয় লোকজন যাতায়াতের জন্য নদের মাঝ দিয়ে একটি মাটির বাঁধ দিয়েছেন। এই বাঁধের দক্ষিণ পাশে পানি আর উত্তর পাশ একেবারে শুকনো। স্থানীয় যুবক কাউসার আলী বলেন, কাফুরিয়া ইউনিয়নের মধ্যেই এ রকম পাঁচটি বাঁধ আছে। বাঁধ সরানো হয় না, আর পানিও পাওয়া যায় না।

পাউবোর কর্মকর্তারা বলেন, নদের তলদেশের অবকাঠামো অপসারণ করে পানির প্রবাহ নিশ্চিত করার জন্য ২০১৪ সালের জুনে নাটোরের ‘পক্ষিকুলের আশ্রয় ও খাদ্য নিশ্চিতকরণ প্রকল্প’-এর উদ্ভাবক ও সমন্বয়কারী যশোধন প্রামাণিক পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি আবেদন করেন। এতে তিনি নদের তলদেশের অবকাঠামো ভেঙে ফেলার আবেদন জানান।

পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার বলেন, মুসা খাঁ ও নারদের তলদেশের অবকাঠামো অপসারণ করা না হলে পানি যাবে না। ‘ইনস্টিটিউশন অব ওয়াটার মডেলিং’ সমীক্ষা করবে। তাদের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।