১০ কোটি টাকার কাঠ পাচারের অপেক্ষায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে ছয়টি করাতকলে অবাধে চিরাই হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের গাছ। চিরাই করে পাচারের অপেক্ষায় মজুদ আছে ১০ কোটি টাকার চোরাই গাছ। অথচ করাতকলগুলোর একটিরও গাছ চিরাইয়ের কোনো অনুমোদন (লাইসেন্স) নেই। এসব জানা সত্ত্বেও বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, চন্দ্রঘোনা লিচুবাগান বাস স্টেশনের পশ্চিমে খাদ্যগুদামের পেছনে রয়েছে ফজলুল কাদেরের করাতকল। এর পাশে রয়েছে নুরু তালেবের করাতকল। লিচুবাগান কুষ্ঠ হাসপাতালের সামনে বিএনপির নেতা সামশুল আলম ও তাঁর ভাই আবদুল খালেকের করাতকল। লিচুবাগানের দক্ষিণে ফেরিঘাটের পাশে আছে আবদুল হালিম ও আবু জাফরের করাতকল, সুফিগোট্টা গ্রামে সামশুল হকের করাতকল রয়েছে। ২০ বছর ধরে এসব করাতকলে চোরাই গাছ চিরাই হচ্ছে বলে জানা গেছে। সংঘবদ্ধ গাছচোর চক্র রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাজস্থলীর সংরক্ষিত বনাঞ্চল থেকে সেগুন, গামারি, গর্জন, আকাশমণি, মেহগনিসহ নানা প্রজাতির গাছ কেটে করাতকলে চিরে চট্টগ্রাম শহরে পাচার করে। সরেজমিনে দেখা গেছে, পাচারকারীরা করাতকলে গাছ চিরে কাঠ বানিয়ে লিচুবাগান বাসস্টেশন থেকে বাস, মাইক্রোবাস, জিপ ও অটোরিকশায় করে চট্টগ্রাম শহরে পাচার করছে। চিরাই করে পাচারের জন্য ছয়টি করাতকলে বর্তমানে প্রায় ১০ কোটি টাকার চোরাই গাছ মজুদ রয়েছে বলে কাঠ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। যোগাযোগ করা হলে করাতকল মালিক ফজলুল কাদের, নুরু তালেব, আবদুল খালেক, আবু জাফর, সামশুল হক ও আবদুল হালিম তাঁদের করাতকলের অনুমোদন না থাকার কথা স্বীকার করে বলেন, জেলা প্রশাসকের অনুমোদন নিয়ে করাতকলগুলো স্থাপন করা হয়েছে। সরকার পরে তা বাতিল করে বন বিভাগ থেকে অনুমোদন নেওয়ার আদেশ জারি করে। কিন্তু নীতিমালার আওতায় না আসায় বন বিভাগ করাতকলগুলোর অনুমোদন দিচ্ছে না। ফলে বন বিভাগকে মাসোহারা দিয়ে করাতকল চালাতে হচ্ছে বলে দাবি করেন তাঁরা। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান মাসোহারা পাওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘করাতকলগুলোর অনুমোদন না থাকার বিষয়ে প্রতি মাসে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হয়। কর্তৃপক্ষের আদেশ পেলে করাতকল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। উদ্ধার হতো মজুদ করা চোরাই কাঠও।’ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাছ কেটে করাতকলে চিরাই করার সুবাদে গত দুই দশকে রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনাঞ্চল বৃক্ষশূন্য হয়ে পড়েছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম প্রথম আলোকে বলেন, অনুমোদন ছাড়া করাতকল চালালেও রাজনৈতিক চাপের কারণে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে এখন কোনো চাপ নেই। করাতকলগুলো বন্ধ ও কাঠ পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, করাতকলগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অননুমোদিত করাতকল প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে। মজুদ কাঠও জব্দ করা হবে।