১০ কোটি টাকার পণ্য নিয়ে সাগরে ডুবল জাহাজ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বিদেশি বড় জাহাজ থেকে পণ্য বোঝাইয়ের সময় ভারসাম্য হারিয়ে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজে থাকা স্টিল কয়েলের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।গতকাল রোববার সকালে এ দুর্ঘটনার সময় জাহাজের সব নাবিক নিরাপদে বড় জাহাজটিতে উঠে প্রাণে রক্ষা পান। তবে জাহাজে থাকা একজন বাদাম বিক্রেতা নিহত হয়েছেন।লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্র জানায়, গতকাল সকালে বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ এমভি ইপানেমা থেকে স্টিল কয়েল বোঝাই করছিল লাইটার জাহাজ এমভি চিশতী সোহান। ছোট আকারের এই জাহাজটির ধারণক্ষমতা দুই হাজার ৩০০ টন। কিন্তু প্রায় এক হাজার ৬৮৩ টন স্টিল কয়েল বোঝাই করার পর জাহাজটি হঠাৎ ভারসাম্য হারায়। দুর্ঘটনার বর্ণনা দিয়ে এমভি চিশতী সোহান জাহাজের মাস্টার আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, প্রায় সাড়ে ১৭ টন ওজনের এক পিস কয়েল বড় জাহাজটি থেকে ক্রেনের সাহায্যে লাইটার জাহাজের পেছনের খোলে রাখার সময় জোরে আঘাত হানে। এ সময় জাহাজটি কাত হয়ে পানি প্রবেশ করতে থাকে। মাত্র ১৫ মিনিটের মধ্যে লাইটার জাহাজটি ডুবে যায়।