১০ কোটি টাকার যন্ত্রপাতি তালাবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হূদেরাগ নির্ণয়ের জন্য আনা প্রায় ১০ কোটি টাকার যন্ত্রপাতি এক বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এগুলো কেন চালু করা হচ্ছে না, হাসপাতাল কর্তৃপক্ষ তার জবাব দিতে পারেনি। হাসপাতাল সূত্র জানায়, প্রায় এক বছর আগে হূদেরাগীদের আধুনিক চিকিৎসার জন্য প্রায় আট কোটি টাকার ‘এনজিওগ্রাম’ যন্ত্র এলেও তা মাত্র এক দিনের জন্য চালু হয়। এরপর তা একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় ফেলে রাখা হয়েছে। এই যন্ত্রের মাধ্যমে হূদ্যন্ত্রের রক্তপ্রবাহ পরীক্ষা করা হয়। ‘কালার ডপলার’ নামের দুটি যন্ত্র এলেও তা চালু করা হয়নি। এই যন্ত্রের মাধ্যমে ইকো-কার্ডিওগ্রাম করা হয়। নতুন যন্ত্র দুটিও এক বছর ধরে হাসপাতালে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ১৫ বছরের পুরোনো একটি ডপলার যন্ত্র দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানান, ‘ইটিটি’ যন্ত্র দিয়ে রোগীর হূদ্কম্পন পরীক্ষা করা হয়। হূদ্যন্ত্রে পেসমেকার বসানোর আগে টিপিএম যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয়। কিন্তু এই যন্ত্র দুটিও ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এসব যন্ত্র এক বছর আগে এলেও তা চালু করা হচ্ছে না। তা পড়ে থাকতে থাকতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানালেন।চিকিৎসা নিতে আসা রংপুর শহরের মুলাটোলের মাধব বণিক বলেন, ‘আশঙ্কাজনক অবস্থা থেকে মুক্ত না হতেই রোগীর চাপে সাধারণ ওয়ার্ডে আনা হয়েছে আমাকে। ভালো চিকিৎসা পাচ্ছি না।’ শহরের আলমনগর এলাকার আরমান হোসেন বলেন, ‘ঢাকায় গিয়ে এনজিওগ্রাম করতে বলেছেন ডাক্তাররা। শুনেছি, এখানেই এনজিওগ্রামের নতুন যন্ত্র আছে।’ হূদেরাগ ওয়ার্ডের সহকারী অধ্যাপক হরিপদ সরকার জানান, আশঙ্কাজনক রোগীর হূদ্কম্পন ও রক্তচাপ সরাসরি দেখাটাই বিশেষ জরুরি। এটি দেখে রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু এখানে মাত্র দুটি কার্ডিয়াক মনিটর থাকায় তা দিয়ে একসঙ্গে এত রোগীর চিকিৎসা দেওয়া কষ্টকর। কারণ একজন রোগীর শরীর থেকে যন্ত্র খুলে অন্য রোগীর শরীরে লাগাতে হয়। এতে চিকিৎসা-কার্যক্রম ব্যাহত হয় বলে তিনি জানান। এই ওয়ার্ডের আরেক চিকিৎসক রবীন্দ্রনাথ বর্মণ বলেন, রোগ নির্ণয়ের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্র এল ঠিকই, কিন্তু চালু করা হচ্ছে না কেন—এ বিষয়ে তিনিও তেমন কোনো কিছু জানেন না। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, খুব শিগগির এসব যন্ত্র চালু করা হবে। কিন্তু দীর্ঘদিন পড়ে থাকলেও তা চালু করা হলো না কেন, এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।