১০ গ্রাম প্লাবিত হওয়ার পর পটুয়াখালীতে বাঁধের দাবি
পটুয়াখালীর লোহালিয়ায় শৌলা খালে বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ। গত শনিবার তারা বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে। গত বুধবার এলাকায় বাঁধ দেওয়ার সময় পানির চাপে বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত হয়। জমির ফসল, বাড়িঘর রাস্তাঘাটও সেতু প্লাবিত হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের শৌলা খালে বাঁধ না থাকায় প্রতিবছর জোয়ারের পানি একটু বৃদ্ধি পেলেই লোহালিয়া ও কমলাপুর ইউনিয়নের কমপক্ষে ১০ গ্রাম প্লাবিত হয়। এ অবস্থায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে শৌলা খালে বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছে।পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চলতি বছরে ওই খালে বাঁধ নির্মাণ শুরু করলেও শেষ পর্যায়ে গিয়ে ২৪ ফেব্রুয়ারি বাঁধ ছুটে যায়। এ অবস্থায় বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে জোয়ারের পানিতে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ আরও ক্ষতির মুখে পড়ে। পাশের শৌলা বেইলি সেতু ধসে পড়ায় গুরুতর ঝুঁকির মুখে রয়েছে। বাঁধটি না হলে আগামী বর্ষা মৌসুমে সংকটে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।লোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান এবং কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন মৃধা ভেঙে যাওয়া বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন। মশিউর রহমান বলেন, বাঁধটি নদীর গা-ঘেঁষে নির্মাণ না করে আরও ভেতরে নিয়ে এসে নির্মাণ করলে এভাবে ভেঙে যেত না। মনির হোসেন মৃধা বলেন, পাউবোর ও ঠিকাদারের গাফিলতির কারণে বাঁধ ভেঙে পানির প্লাবনে এলাকায় ব্যাপক ক্ষতি হলো।জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, অনিয়মের অভিযোগ সঠিক নয়। পূর্ণিমার জোয়ারের পানির প্রবল চাপে বাঁধটি ভেঙে যায়। মানুষের ভোগান্তি ও ক্ষতির কথা চিন্তা করে নতুনভাবে জরিপ ও নকশা করে বাঁধটি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।