১০ গ্রামে বাঘ আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনসংলগ্ন ১০টি গ্রামে কয়েক দিন ধরে বাঘ-আতঙ্ক বিরাজ করছে। রাতভর বাঘের ডাকে মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। বাঘ তাড়ানোর অস্ত্র হিসেবে রাতভর জেগে বাজি ফুটিয়ে এবং টিন বাজিয়ে শব্দ করা হচ্ছে। গত দুই দিনে গোলাখালী এলাকা থেকে বাঘটি দুটি ছাগল ধরে নিয়ে যাওয়ার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের আবদুস সামাদ, হরিনগর গ্রামের আইয়ুব আলী, আবদুল আলিমসহ কয়েকজন গ্রামবাসী জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বন বিভাগ এলাকায় শনিবার রাত থেকে চুনকুড়ি, মীরগাং, সিংহড়তলী, তুষখালী ও কদমতলা গ্রামের বিপরীতে মালঞ্চ ও চুনকুড়ি নদীর লোকালয়ের অপর পাশে একটি বাঘ বিকট আওয়াজ করে ডাকছে। কোনো কোনো দিন বাঘ সন্ধ্যার পরপরই ডাকাডাকি করছে। বাঘটিকে বনে ফিরিয়ে দিতে স্থানীয়ভাবে গ্রামবাসী প্রায় প্রতিদিন নৌকাযোগে বনের কুলঘেঁষে বাজি ও টিন পিটিয়ে শব্দ করছেন। বাঘটি যেকোনো সময় নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়ে আবারও ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, এমন আশঙ্কায় রয়েছে জানিয়ে মীরগাং গ্রামের শওকত হোসেন জানান, টানা চার দিন বাঘটি উপকূলের কাছাকাছি অবস্থান করে ডাকাডাকি করলেও বন বিভাগ ও টাইগার রেসপন্স টিমের সদস্যরা জোরালো কোনো ভূমিকা রাখছেন না।গোলাখালী গ্রামের আবদুর রাজ্জাক জানান, গত রবি ও সোমবার রমজাননগরের গোলাখালী এলাকা থেকে একটি বাঘ বাবু সরদার ও তাঁর মায়ের দুটি ছাগল ধরে নিয়ে গেছে। ওই ঘটনার পর থেকে গ্রামের ৯২টি পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বাঘ-আতঙ্কে দিনের বেলায় দলবদ্ধভাবে চলাচল করার পাশাপাশি তাদের রাতে প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে ঘরের মধ্যে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের কর্মকর্তা মো. সাহাদাৎ হোসেন জানান, বর্তমানে বাঘের প্রজনন মৌসুম চলছে বিধায় কয়েক দিন ধরে একটি বাঘ লোকালয়ের বিপরীতে নদীর তীরে এসে ডাকাডাকি করছে। সোমবার আরও একটি বাঘ একই এলাকায় চলে আসায় ধারণা করা হচ্ছে, বাঘটির ডাকাডাকি বন্ধ হবে। তারপরও বন বিভাগের পক্ষ থেকে স্থানীয় বসিন্দাদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। টাইগার রেসপন্স টিমের সদস্য ও বন বিভাগ যৌথভাবে নদীতে পাহারা দিচ্ছে।