১০ গ্রামের ভরসা একটি নলকূপ
কারও হাতে একটি-দুটি কলসি, কারও তিন থেকে পাঁচটি। কারও কাছে আবার বড় ড্রাম। সকাল নেই, বিকেল নেই—দূরদূরান্ত থেকে সবাই ছুটছেন। গন্তব্য বাজুয়া গ্রাম। সেখানে গেলেই যে মিলবে সুপেয় পানি!
খুলনার দাকোপ উপজেলার একটি গ্রাম বাজুয়া। এই এলাকার মানুষের খাবার পানির প্রধান উৎস ধরে রাখা বৃষ্টির পানি। পুকুর থেকেও খাবার পানি সংগ্রহ করা হয়। এর বাইরে পুরো উপজেলায় খাবার পানির জন্য বাজুয়া গ্রামের নলকূপটিই ভরসা। আশপাশের ১০টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের তেষ্টা মেটাচ্ছে নলকূপটি।
সম্প্রতি বাজু গ্রামে গিয়ে দেখা যায়, মানুষ নছিমনে (তিন চাকার যানবাহন) করে ছোট-বড় পানির পাত্র ও ড্রাম নিয়ে এসে পানি সংগ্রহ করছে। কেউ পুরো সপ্তাহের, কেউবা দু-এক দিনের জন্য পানি নিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, লবণাক্ততার কারণে খাবার পানির চাহিদা মেটাতে মানুষ বৃষ্টির পানি ধরে রাখে। কোনো কোনো এলাকায় পুকুরের পানি সংগ্রহ করে তাতে ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ বড়ি মিশিয়ে তা খাবার উপযোগী করা হয়। সুপেয় পানির সংকট দূর করতে সরকারি ও বেসরকারিভাবে উপজেলায় অনেক উদ্যোগই নেওয়া হয়েছে। কিন্তু কোনোটিই তেমন কাজে আসেনি। প্রায় সব এলাকায় নলকূপ স্থাপন করা হলেও তাতে মিঠাপানি ওঠে না। একমাত্র বাজুয়া গ্রামের নলকূপটিতেই খাবার উপযোগী পানি মিলছে। এটি ২০১৩ সালে স্থাপন করে একটি বেসরকারি সংস্থা।
খাবার পানির চাহিদা পূরণ করতে ওই সময়ে দাকোপের বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করে বেসরকারি সংস্থাটি। কিন্তু বাজুয়া গ্রাম ছাড়া কোথাও সেই প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি।
নলকূপটি রয়েছে গ্রামের শ্যামল কান্তি বিশ্বাসের বাড়িতে। তিনি জানান, পশ্চিম বাজুয়া, কাঁকড়াবুনিয়া, ভেদলা বুনিয়া, সাহেবের আবাদ, চুনকুড়ি ও কচাসহ আশপাশের ১০-১২টি গ্রামের ২৫ হাজারের বেশি মানুষ এই নলকূপ থেকে পানি সংগ্রহ করে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত মানুষের ভিড় লেগেই থাকে। ক্রমেই নলকূপটির ওপর চাপ বাড়ছে। চাপ কমাতে মূল কলের পাইপের সঙ্গে সংযোগ দিয়ে আরেকটি কল স্থাপন করা হয়েছে।
নছিমনে বড় পানির ট্যাংক নিয়ে পানি নিতে আসা কচা এলাকার বাসিন্দা বাসুদেব সানা বলেন, পূজা উপলক্ষে এলাকায় তিন দিনের অনুষ্ঠান চলছে। সেখানে সাত হাজারের বেশি মানুষ আসবে। এ জন্য কমপক্ষে পাঁচ হাজার লিটার সুপেয় পানির প্রয়োজন। আগে পুকুর থেকে তা সংগ্রহ করা হতো। কিন্তু এখন পুকুরে ভালো পানি পাওয়া যাচ্ছে না। তাই বাজুয়ার এই নলকূপে এসে তাঁকে পানি নিতে হচ্ছে।
সুদূর দাকোপ থেকে এখানে পানি নিতে আসেন দেবকী মণ্ডল। তিনি জানান, ১টি বড় ড্রাম ও ১৪টি কলসি নিয়ে প্রতি তিন দিন অন্তর জল নিতে আসেন তিনি। তা দিয়ে একটি হোটেল ও সংসারের চাহিদা মেটানো হয়। দেবকী বলেন, পুকুরের পানি খেয়ে আমাশয় লেগেই থাকত। কিন্তু নলকূপের পানি খেয়ে আর সমস্যা হচ্ছে না। তাই কষ্ট হলেও এখানে এসে পানি নিয়ে যান।
উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী স ম এনায়েত কবির প্রথম আলোকে বলেন, দাকোপে গভীর নলকূপ বসানোর চেষ্টা সফল হয় না। তবে ওই একটি নলকূপ দিয়ে খাবার উপযোগী পানি উঠছে। এলাকায় পানির সমস্যা নানাভাবে সমাধানের চেষ্টা চলছে।