১০ গ্রামের মানুষ জোয়ারে ডুবছে ভাটায় ভাসছে
ভাঙা বেড়িবাঁধ মেরামত না করায় পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ১০ গ্রামের মানুষ জোয়ারে ডুবছে আর ভাটায় ভাসছে।
ইউনিয়নের ফুলতলা গ্রামের গৃহবধূ মাহাফুজা বেগম (৩৫) বলেন, ‘বেড়িবাঁধ নাই, অনেক আগেই ভাউঙা গেছে। এহন জোয়ারের পানিতে ডুবছি, আবার ভাটায় ভাসছি। এইভাবে কি বাঁচা যায়?’
ছোটবিঘাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিউলী বেগম জানান, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় তাঁর ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। ইউনিয়নের পাঁচ হাজারের বেশি মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। গ্রামবাসীকে জোয়ারের কবল থেকে বাঁচাতে জরুরিভিত্তিতে বেড়িবাঁধ মেরামতের জন্য লিখিতভাবে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে।
গতকাল বুধবার দুপুরে পায়রা নদীর পারে ফুলতলা গ্রামে গিয়ে দেখা যায়, জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে গ্রামের অভ্যন্তরে পানি ডুকছে। চারদিক পানিতে থই থই করছে। গ্রামের বাসিন্দারা সাধ্যমতো চেষ্টা করে উঁচু মাচা বা চৌকিতে আশ্রয় নিয়েছে।
পাউবোর পটুয়াখালী কার্যালয় থেকে জানা গেছে, সিডর ও আইলায় পায়রা নদীর পাড় ঘেঁষে ছোটবিঘাই ইউনিয়নের ৩৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ২০১০-১১ অর্থবছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত ২০ কিলোমিটার বাঁধ মেরামত করা হয়। কিন্তু গত দুই বছরে নদীর ভাঙনে ফুলতলা, মাটিভাঙ্গা ও ভাজনা এলাকায় আবার এক কিলোমিটার বাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত এবং আরও এক কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। ওই ভাঙা বাঁধ দিয়েই ইউনিয়নের পায়রা নদীর পারের ফুলতলা, মাটিভাঙ্গা, ভাজনা, নাওটানা, তুষখালী, বিশ্বাসের হাট, কাটাখালী, ভুতুমিয়া, অফিসেরহাট ও কুমারখালী গ্রামে নির্বিঘ্নে জোয়ারের পানি ঢুকছে।
পাউবো পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, পায়রা নদীর প্রবল স্রোতে এমনিতেই ওই এলাকার বেড়িবাঁধ ভাঙছে। এর সঙ্গে চলতি মৌসুমে পূর্ণিমার প্রভাবে জোয়ারের চাপ বাড়ায় ভাঙন আরও তীব্র হয়েছে। খবর পেয়ে পাউবো কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামবাসীকে জোয়ারের পানি থেকে রক্ষায় পুরোনো বাঁধের ভেতরে নতুন করে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।