১০ গ্রামের মানুষের জ্বালানি কালোমাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরে গাছপালা কমে গেছে। আগের মতো খড়কুটো পাওয়া যায় না। নেই টাকা দিয়ে জ্বালানি কেনার সামর্থ্য। তাই হাওরের কালোমাটিই তাদের ভরসা। শুকনো মৌসুমে সংগ্রহ করা এই কালোমাটি দিয়ে চলে কৃষকের ১২ মাসের জ্বালানি।সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর থেকে কালোমাটি তুলে জ্বালানি হিসেবে ব্যবহার করছে হাওরপারের ১০টি গ্রামের দরিদ্র মানুষ। হাওরে পানি কমলে ফাল্গুন মাসে শুরু হয় কালো মাটি সংগ্রহের কাজ। পুরো এক মাস মাটি সংগ্রহ করে তারা। আগে কোনো টাকা না লাগলেও এখন জমির মালিককে কিছু টাকা দিতে হয়। সরেজমিনে দেখা গেছে, নারী-পুুরুষ ও শিশুরা হাওরের পশ্চিম পারে কয়েক একর জমিতে কালোমাটি তোলায় ব্যস্ত। রায়পুর, বাহাদুরপুর, বিশ্বম্ভরপুর, ঘাগটিয়া, কাঠাখালি, নতুনহাটি, ফলভরি, হবিবপুর, মল্লিকপুর ও ফিরিজপুর গ্রামের দরিদ্র মানুষই মূলত কালো মাটি সংগ্রহ করে। রায়পুর গ্রামের রঞ্জিত রায় জানান, এই মৌসুমে হাওরের প্রায় ১২ একর জমিতে কালো মাটি পাওয়া যায়। জমিগুলো তুলনামূলক উঁচু হওয়ায় এসব স্থানে ধান লাগানো হয় না। এখানে খাসজমির সঙ্গে কিছু মালিকানা জমিও আছে। দুই ছেলেমেয়ে নিয়ে মাটি তুলছিলেন বাহাদুরপুর গ্রামের যমুনা বর্মণ (৩৫)। তিনি জানান, মাটি তোলার পর সেগুলো রুটির মতো করে দলা বানিয়ে শুকানো হয়। শুকানো সেই মাটি দিয়ে চলে রান্না। কাঠাখালি গ্রামের নজরুল ইসলাম জানান, এলাকায় গাছপালা কমে গেছে। লাকড়ি পাওয়া যায় না। আর থাকলেও পুরো বছরের লাকড়ি কেনার সামর্থ্য তাঁর নেই। স্থানীয় সমাজকর্মী স্বপনকুমার বর্মণ বলেন, ‘মুরব্বিদের কাছ থেকে শুনেছি, এখানে একসময় হিজল-করচগাছের বড় বাগ ছিল। পরে পলি পড়ে এসব বাগ মাটির নিচে চলে যায়। এখন গাছপালা পচে কালো মাটি হয়ে গেছে।’উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েক বছর ধরে এখান থেকে কালো মাটি তোলা হচ্ছে। বর্ষায় আবার পলি পড়ে গর্তগুলো ভরাট হয়ে যায়। আগে টাকা না লাগলেও এবার মালিকানা জমি থেকে কালোমাটি তুলতে কিছু টাকা দিতে হচ্ছে বলে শুনেছি।’