১০ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা এলাকায় মরা তিস্তা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করে ১০টি গ্রামের মানুষ। ছবিটি গত শনিবার তোলা l মঈনুল ইসলাম
রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা এলাকায় মরা তিস্তা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করে ১০টি গ্রামের মানুষ। ছবিটি গত শনিবার তোলা l মঈনুল ইসলাম

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ১২ হাজার পরিবারের আনুমানিক ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। এই সাঁকোটি এলাকার জনগণ নিজেদের অর্থায়নে স্বেচ্ছাশ্রমে তৈরি করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নে মরা তিস্তা নদীর ওপর স্থানীয় জনগণ নিজ উদ্যোগে প্রায় ৩০ বছর আগে একটি বাঁশের সাঁকো তৈরি করেন; যা দুই বছর পর পর নতুন করে নির্মাণ করতে হয়। এই সাঁকোটি তাঁরা নিজেদের উদ্যোগে সংস্কারও করে আসছেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্র জানায়, উপজেলার শিব দেব, বজরাপাড়া, নামাপাড়া, মাঠেরহাট, বৈরাগীপাড়া, নাটশালা, ভুট্টার বাজার, জনতার বাজার, খারিজা, মণ্ডলপাড়া এই ১০টি গ্রামে প্রায় ১২ হাজার পরিবারের বসবাস। এসব পরিবারের সদস্যসংখ্যা প্রায় ৫০ হাজার।

এসব মানুষকে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, হাটবাজারে কাজের জন্য প্রায় তিন কিলোমিটার দূরে পাওটানা বাজারে যেতে হয়। কিন্তু তাঁদের চলাচলের সুবিধার্থে মরা তিস্তা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোটি পার হতে হয়। স্থানীয় জনগণ নিজ উদ্যোগে তাঁদের যাতায়াতের জন্য প্রায় ২০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের সাঁকোটি নির্মাণ করেছেন।

গত শনিবার সরেজমিনে জানা যায়, সাঁকোটি স্থানীয় জনগণ তাঁদের প্রয়োজনে ১৯৮৬ সালে প্রথম তৈরি করেন। এরপর প্রতিবছরই এর রক্ষণাবেক্ষণ করা হয়। তবে দুই বছর পর বাঁশের খুঁটি ও চাটাই পরিবর্তন করা হয়। এর সবই চলে স্থানীয় জনগণের আর্থিক সহায়তায়। চলতি বছরের জুন মাসে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে এটি নতুন করে নির্মাণ করা হয়।

শনিবার গিয়ে দেখা যায়, লোকজন সাইকেল নিয়ে হেঁটে সাঁকো পার হচ্ছেন। সাবধানে চলাচল করছেন সবাই। কারণ, সাঁকোর দুই পাশে ধরনা না থাকায় একটু অন্যমনস্ক হলে যেকোনো সময় পড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

এই সেতু দিয়ে চলাচলে এলাকার জনগণ নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। লাটশালা গ্রামের ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘বছরের পর বছর ধরিয়া এতগুলা গ্রামের মানুষ এই বাঁশের সেতু দিয়া চলাচল করি আসতোছে। রাইতের বেলা টর্চ দিয়া পা টিপি টিপি চলা লাগে। পড়ি যাবার ভয় থাকে।’

শিব দেব গ্রামের দোকানদার আবদুল মান্নান বলেন, ‘পীরগাছার পাওটানা বাজার থাকি সাইকেলোত করিয়া মাল আনতে কত যে কষ্ট হয়।’

বজরাপাড়া গ্রামের কৃষক ইউনুছ আলী বলেন, ‘হামার দুঃখকষ্টের কথা কাঁয়ও শোনে না। এই বাঁশের সেতুটাও হামার গুলাক ঠিক করা লাগে।’

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বাদশা মিয়া বলেন, ‘নিজেদের প্রয়োজনে গ্রামের মানুষ এক হয়ে এই বাঁশের সেতুটা বছরের পর বছর ধরে নির্মাণ ও সংস্কার করে থাকে। বর্ষার সময় কত যে দুর্ভোগ তা তো দেখতেই পারছেন।’

ছাওলা ইউপি চেয়ারম্যান শাহ আবদুল হাকিম বলেন, ‘এখানে সাঁকোটি নির্মাণ করতে আমিও সহযোগিতা করেছি। মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। এখানে একটি সেতু নির্মাণের জন্য এমপির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।’

স্থানীয় সাংসদ টিপু মুনশি বলেন, এলাকার জনগণের দুর্ভোগ দূর করতে আগামী অর্থবছরে এখানে একটি সেতু নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে।