সাতটির মধ্যে দুটি লাশ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে যাওয়া পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলসের একাংশ। ছবি : মাসুদ রানা, গাজীপুর।
গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে যাওয়া পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলসের একাংশ। ছবি : মাসুদ রানা, গাজীপুর।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলসে আগুনের ঘটনায় সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি লাশ শনাক্ত করা গেছে।
তাঁরা হলেন কারখানার সহকারী ব্যবস্থাপক (এজিএম) রাশেদুজ্জামান (৩৩) ও তাঁর ভাগনে নাঈমুর রহমান (২৬)। নাঈমুর কারখানার সহকারী সিডারম্যান ছিলেন। রাশেদের বাড়ি রংপুরের মিঠাপুকুরের ধলারপাড়া শঠিবাড়ি এলাকায়।
কারখানা কর্তৃপক্ষের হিসাব ও স্বজনদের দাবি অনুযায়ী, আগুনের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন নিটিং অপারেটর খলিলুর রহমান (২৬)। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জের বেলবাড়িতে। রংপুর মিঠাপুকুরের ধলারপাড়া এলাকার রুবেল মিয়া (২৩), দিনাজপুরের পার্বতীপুরের পাঁচনগরের বুলবুল ইসলাম (২৯), দিনাজপুরের ফুলবাড়ী দরবিপুর এলাকার মিনহাজুল হক (২৩) ও কুড়িগ্রামের রাজীবপুরের ভোলামারী গ্রামের রাজু মিয়া (২১)।
এদিকে পাঁচজনের পরিচয় পাওয়া গেলেও আগুনে পুড়ে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাঁদের শনাক্ত করা যায়নি। লাশগুলো শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। লাশ শনাক্তে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই লাশগুলো নিখোঁজ ব্যক্তিদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহনাওয়াজ দিলরুবা খান জানান, এ পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে রাশেদুজ্জামান ও নাঈমুরের লাশ শনাক্ত করা গেছে। বাকি পাঁচজনের লাশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এই লাশগুলো শনাক্ত করা যায়নি। তাই ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে প্রায় ১০ ঘণ্টাব্যাপী চেষ্টার পর আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে ওই কারখানার আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানা কর্তৃপক্ষ ও অগ্নিনির্বাপণকর্মীরা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে আসওয়াদ কম্পোজিট মিলস কারখানার নিটিং সেকশনের দোতলায় থাকা একটি স্ট্যান্ডার্ড মেশিন অতিরিক্ত গরমে বিস্ফোরিত হয়ে পাশে থাকা মালামালে আগুন ধরে যায়। আগুনে বিপুল পরিমাণ সুতা, ফেব্রিকস ও উত্পাদিত পণ্য পুড়ে যায়। এ সময় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেক শ্রমিক আটকা পড়েন।

সূত্র জানায়, কারখানা ভবনের পাশেই একটি তিনতলা টিনশেড ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর, টঙ্গী, সাভার, ইপিজেড, কালিয়াকৈর ও ময়মনসিংহের ভালুকা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

তবে রাত সোয়া একটার দিকে কারখানার পশ্চিম দিক থেকে হঠাত্ আগুন বাড়তে থাকে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা লাশের দাবিতে কারখানার বাইরে বিক্ষোভ করতে থাকেন। পরে প্রায় ১০ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পলমল গ্রুপের পরিচালক এমদাদুল ইসলাম মৃত ব্যক্তিদের স্বজনদের আপাতত ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনাওয়াজ দিলরুবা খানকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গত বছরের নভেম্বরে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক প্রাণ হারান। গত এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু হয়।

এসব ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রম পরিবেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র সে দেশের বাজারে বাংলাদেশের পণ্যের ওপর বিশেষ সুবিধা (জিএসপি) বাতিল করে।