
দুর্ঘটনার প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর বন্দর চ্যানেলের পাশে আটকে থাকা পণ্যবাহী জাহাজটি উদ্ধার করে জেটিতে ফিরিয়ে আনা হয়েছে। জেটিতে ফিরিয়ে আনার সময় আবারও দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে শেষ পর্যন্ত বড় কোনো বিপদ হয়নি।
জাহাজটিকে নিরাপদে জেটিতে ভেড়ানো পর্যন্ত উদ্ধার অভিযানে ছিলেন বন্দরের পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) কমোডর শাহীন রহমান। গতকাল শুক্রবার মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, অক্লান্ত চেষ্টায় বড় দুর্ঘটনা ছাড়াই জাহাজটি জেটিতে ভেড়ানো হয়েছে। নৌবাহিনীর দুটিসহ কয়েকটি জাহাজকে সামান্য ধাক্কা দিলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কম। দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। বড় রকমের বিপদ থেকেও মুক্ত হয়েছে বন্দর।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিউমুরিং টার্মিনালের ৫ নম্বর জেটিতে নোঙর করে রাখা ‘এমভি পোলারিশ মেলোডি’ জাহাজের দড়ি ছিঁড়ে যায়। তখন ভাটা থাকায় তীব্র স্রোতের কারণে জাহাজটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি ক্যাপ্টেন। একপর্যায়ে নৌবাহিনীর স্থাপনার বিপরীতে সিমেন্ট ক্লিংকার জেটির কাছে জাহাজটির তলা মাটিতে আটকে যায়।
বন্দর কর্মকর্তারা জানান, মোহনা থেকে বন্দরের মূল জেটি পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার চ্যানেল ব্যবহার করে বন্দরে জাহাজ আনা-নেওয়া হয়। এই চ্যানেলে কোনো জাহাজ দুর্ঘটনায় পড়লে পুরো বন্দর অচল হওয়ার শঙ্কা থাকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুর্ঘটনার পর বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) কমোডর শাহীন রহমান, নিরাপত্তা পরিচালক লে. কর্নেল আলমগীর কবীর, উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম, পরিচালক (পরিবহন) মশিউর রহমান, ডক মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলামসহ কর্মকর্তারা ছুটে যান ঘটনাস্থলে। জাহাজটি নিরাপদে জেটিতে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত রাখা হয় নৌবাহিনীর দুটি এবং বন্দরের পাঁচটি টাগবোট।
বৃহস্পতিবার দিবাগত রাত একটায় জোয়ার শুরু হলে জাহাজটি ধীরে ধীরে পানিতে ভেসে ওঠে। এ সময় সাতটি টাগবোটের সাহায্যে জাহাজটি বন্দরের জেটির দিকে নিয়ে আসতে থাকেন কর্মকর্তারা। জেটিতে আনার সময় নিউমুরিং টার্মিনালের পাশে নৌবাহিনীর জেটিতে থাকা দুটি জাহাজকে ধাক্কা দেয় দুর্ঘটনাকবলিত জাহাজটি।
নৌবাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাহাজটি উদ্ধার করে বন্দর জেটিতে ফিরিয়ে আনার সময় ভাসমান ডক সুন্দরবন এবং ধলেশ্বরী জাহাজকে ধাক্কা দেয়। এতে ডক ও জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
বন্দর সূত্র জানায়, নিউমুরিং টার্মিনালে ভেড়ানোর সময়ও নিয়ন্ত্রণ রাখতে না পারায় জেটিতে থাকা এমভি পানগাঁও এক্সপ্রেস জাহাজকে ধাক্কা দেয় এমভি পোলারিশ মেলোডি জাহাজটি। এ সময় পানগাঁও এক্সপ্রেস জাহাজের দড়ি ছিঁড়ে যায়। দড়ি ছিঁড়ে যাওয়ার পর জাহাজটি কনটেইনারবাহী এমসিসি সিউলকে ধাক্কা দেয়। জাহাজটির রাডার (সুকান) ঠিকমতো কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘটনাস্থলে উপস্থিত বন্দরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান।
জাহাজের স্থানীয় প্রতিনিধি অ্যালবাট্রোস শিপ এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপক রব নেওয়াজ প্রথম আলোকে বলেন, জাহাজটিতে ২৭ হাজার ৯০০ মেট্রিক টন বিলেট (রড তৈরির কাঁচামাল) ছিল। শুক্রবার বেলা দুইটার পর জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়।