১০ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিশ্যা-দীঘিনালা সড়কে দুইটিলা এলাকায় ধসে পড়েছে পাহাড়ের একাংশ। ছবিটি গতকাল সকাল সাড়ে আটটায় তোলা l সংগৃহীত
মারিশ্যা-দীঘিনালা সড়কে দুইটিলা এলাকায় ধসে পড়েছে পাহাড়ের একাংশ। ছবিটি গতকাল সকাল সাড়ে আটটায় তোলা l সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের দীঘিনালা-মারিশ্যা সড়কে দুইটিলা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোরে এই ধসের ঘটনা ঘটে। পাহাড়ধসের পর মারিশ্যা-দীঘিনালা সড়কে ১০ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যাত্রী আটকা পড়ে। বেলা তিনটায় সড়কের মাটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবদুস শহীদ প্রথম আলোকে বলেন, বাঘাইছড়ি উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে মারিশ্যা-দীঘিনালার ২৭ কিলোমিটার সড়কের দুইটিলা এলাকায় এই পাহাড়ধসের ঘটনা ঘটে। সড়কের অন্তত ২০০ ফুটজুড়ে মাটি ও গাছ উপড়ে পড়েছিল। সকাল ১০টায় সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু হয়। বেলা তিনটার দিকে সড়কটি আবার খুলে দেওয়া হয়।

বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হোসেন বলেন, দুইটিলা এলাকায় পাহাড়ধস হওয়ায় প্রচুর যানবাহন আটকা পড়ে।

বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা বলেন, এর আগে গত ১৩ জুন পাহাড়ধসে এই সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরে ২১ জুলাই আবারও সড়টির দুইটিলা এলাকার দুটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। গত শুক্রবার রাতের বৃষ্টির কারণে গতকাল সর্বশেষ পাহাড়ধসের ঘটনা ঘটে।